ভাঙা সড়কে ভাড়া দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের মতিরহাট বাজারের পাশের বিধ্বস্ত সড়ক। ছবিটি গত রোববার ​তোলা l প্রথম আলো
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের মতিরহাট বাজারের পাশের বিধ্বস্ত সড়ক। ছবিটি গত রোববার ​তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। সড়কের মতিরহাট বাজারের কাছে আধা কিলোমিটার অংশ পাশের খালে ভেঙে পড়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। এ ছাড়া সড়কটি ভাঙাচোরা হওয়ায় এতে এই পথে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে তোরাবগঞ্জ-মতিরহাট নয় কিলোমিটার সড়কটি পাকা করা হয়।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, মতিরহাট বাজার থেকে তোরাবগঞ্জ বাজারের দিকে প্রায় আধা কিলোমিটার সড়ক পার্শ্ববর্তী জয় বাংলা খালে ভেঙে পড়েছে। এ ছাড়া পিচ উঠে রাস্তাটিতে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
মতিরহাট বাজারের মাছের আড়তদার ও ইউপি সদস্য আবদুল খালেক জানান, মতিরহাট বাজারে লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মাছঘাট। এখানে ৩৪টি মাছের আড়ত রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ মতিরহাট বাজারে মাছ কিনতে আসেন। মাছঘাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়।
মতিরহাট বাজারের মুদি ব্যবসায়ী মো. ফারুক মিয়া বলেন, মতিরহাট বাজারে প্রায় ৩৫০টি দোকান রয়েছে। রাস্তাটি ভাঙা থাকার কারণে দোকানের মালামাল আনতে অতিরিক্ত ভাড়া দিতে হয়। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জসিম, মাহফুজ, মো. মহিন ও রুবেল বলেন, রাস্তাটি ভাঙাচোরা থাকায় প্রতিদিন গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তাই ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে। রাস্তাটি ভালো হলে ভাড়া আগের মতোই নেওয়া হবে।
স্থানীয় স্কুলশিক্ষক সানাহ উল্যাহ, মাছ ব্যবসায়ী তাহের, ফারুক, রহিম মিজিসহ অনেকে বলেন, তোরাবগঞ্জ বাজার থেকে মতিরহাট বাজারে যেতে আগে ভাড়া নেওয়া হতো ২০ টাকা। কিন্তু রাস্তা ভালো না থাকায় ২ মাস ধরে গাড়িচালকেরা ৪০ টাকা করে ভাড়া আদায় করছেন।
মতিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি আবুল বাসার মাস্টার জানান, রাস্তাটির এ অবস্থার কারণে বাজারের ক্রেতা আগের চেয়ে কমে গেছে। তাই রাস্তাটি সংস্কার করা খুবই জরুরি। চরকালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মাস্টার বলেন, মতিরহাট বাজারের গুরুত্ব বিবেচনা করে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এলজিইডি লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ খান বলেন, বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির সংস্কারের কাজ শুরু করা হবে।