ভাঙা সড়কের কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে এত কম সময়ের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই অংশের বড় বড় খানাখন্দ সারিয়ে তোলা সম্ভব হবে বলে মনে করছেন না স্থানীয় পুলিশ প্রশাসন ও চট্টগ্রামের পরিবহন মালিক, শ্রমিক এবং বিভিন্ন বাস কোম্পানির প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, ভাঙাচোরা সড়কের কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়তে পারে।গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এ আশঙ্কা ব্যক্ত করেন। ঘরমুখো মানুষের নিরাপদ এবং ভোগান্তিহীন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার এই বৈঠক ডাকেন।বৈঠকে জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যানবাহন মালিক-শ্রমিকদের পক্ষে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ, আন্তজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি কফির উদ্দিন, চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা প্রমুখ বক্তব্য দেন।পুলিশ সুপার বলেন, মাত্র ১২ দিনের মধ্যে ভাঙা মহাসড়ক মেরামত সম্ভব নয়। এ ক্ষেত্রে যানবাহন চলাচল ব্যবস্থায় শৃঙ্খলা আনার মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। তিনি ভাঙা মহাসড়কে বিকল যানবাহন দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়াসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য ঈদের দুই সপ্তাহ আগে থেকে বাড়তি পুলিশ মোতায়েনের কথা উল্লেখ করেন।