ভাঙা সড়কের গর্তে গাড়ি, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গর্তে ইট-বালু ফেলে মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। ছবিটি গতকাল দুপুরে ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ থানার পলোয়ানের পোল এলাকা থেকে তোলা l প্রথম আলো
গর্তে ইট-বালু ফেলে মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে। ছবিটি গতকাল দুপুরে ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ থানার পলোয়ানের পোল এলাকা থেকে তোলা l প্রথম আলো

অতিবৃষ্টির ছোবলে ছোট-বড় গর্ত তৈরি হয়ে বেহাল হয়ে পড়েছে ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক। ভাঙা সড়কের গর্তে আটকে গতকাল রোববার দুই দফায় প্রায় তিন ঘণ্টা সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

গতকাল সকাল আটটার দিকে বেগমগঞ্জ থানার পলোয়ানের পোলের কাছে সড়কের গর্তের মধ্যে একটি মালবাহী ট্রাক আটকা পড়ে। এতে প্রায় আড়াই ঘণ্টা সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাকটি সরিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ইট-বালু ফেলে ভাঙা অংশটি সাময়িক মেরামত করে।

 এরপর বেলা দুইটার দিকে আবারও একই স্থানে আরেকটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকা দেবে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে বেলা আড়াইটার দিকে কুমিল্লা থেকে সওজের ভাড়া করে আনা ক্রেন দিয়ে কাভার্ড ভ্যানটিকে ওঠানো হয়। এরপর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের ২৮ কিলোমিটার অংশ নোয়াখালীতে পড়েছে। গতকাল সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সড়কটির ২৮ কিলোমিটার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ অংশেই পিচ ঢালাই উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সেনবাগের সেবারহাট, ছমিরমুন্সীরহাট, বেগমগঞ্জের জমিদারহাট, সেতুভাঙাবাজার, চৌমুহনী পৌর এলাকা, পলোয়ানের পোল এলাকা, আমিনবাজার এলাকার অবস্থা বেশি করুণ। জায়গায় জায়গায় সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে সড়ক চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সড়কের ইট-সুরকি মাটিতে মিশে গ্রামের মেঠো পথে পরিণত হয়েছে।

বেলা সোয়া দুইটায় কথা হয় সড়কে আটকে পড়া ঢাকা অভিমুখী বাস ঢাকা এক্সপ্রেসের যাত্রী আবদুর রহিমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে এমনিতেই গাড়ি চলে খুব ধীরগতিতে। তার ওপর প্রায় সময়ই সড়কের গর্তে বিভিন্ন গাড়ি আটকা পড়ে। ঝাঁকুনি খেতে খেতে সড়কটিতে চলাচল করতে হয়।

আটকে পড়া কাভার্ড ভ্যানটির চালক মো. জসিম উদ্দিন বলেন, এক বছরের বেশি সময় ধরে এই সড়কের দুরবস্থা। সংস্কার না করায় চলতি বর্ষায় অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ছোটখাটো গর্ত বিশাল বড় হয়ে গেছে। কিন্তু কেউ যেন এসব দেখার নেই।

সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কটির নোয়াখালী অংশের ২৮ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য পৃথক দরপত্র আহ্বান করা হয়েছে। তবে তার আগে চলতি বর্ষায় আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কের যেসব জায়গায় বেশি গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে ইটের খোয়া ফেলে দেওয়া হচ্ছে। রোববার সকাল থেকে ঠিকাদারের লোকজন চৌমুহনী চৌরাস্তার পূর্ব পাশ থেকে কাজ শুরু করেছে।