ভাঙা হচ্ছে গেন্ডারিয়ার হেলে পড়া ভবনটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়ার বেগমগঞ্জ এলাকায় হেলে পড়া ছয়তলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে ষ ছবি: প্রথম আলো
গেন্ডারিয়ার বেগমগঞ্জ এলাকায় হেলে পড়া ছয়তলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে ষ ছবি: প্রথম আলো

রাজধানীর গেন্ডারিয়ার বেগমগঞ্জ লেনের হেলে পড়া ১৮/১/খ নম্বর ভবনটি গতকাল বৃহস্পতিবার ভাঙা শুরু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান পরিদর্শক খন্দকার মো. শাহজাহানের উপস্থিতিতে গতকাল সকালে সিলগালা ভেঙে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। ভবন ভাঙার কাজে অংশ নিচ্ছেন মোট ছয়জন শ্রমিক। ঘটনাস্থলে গতকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খন্দকার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘রাজউকের তত্ত্বাবধানে হেলে পড়া বাড়ির মালিক নিজেই ভবনটি ভাঙছেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভবনটি ভাঙার কাজ শেষ করতে চাই।’

গতকাল সরেজমিনে দেখা যায়, উল্লিখিত ছয়তলা ভবনটি হেলে পড়েছে এর পশ্চিম পাশে নির্মাণাধীন আরেকটি ভবনের ওপর। বর্তমানে এই ভবনটির ষষ্ঠ তলা নির্মাণের কাজ চলছে। নিরাপদে ভাঙার কাজ করার জন্য ভবনের সামনের অংশ চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ভবনের বাসিন্দাদের গতকালও তাঁদের মালপত্র সরিয়ে নিতে দেখা যায়। ছয়তলা ভবনটির নিচতলায় সীমান্ত এন্টারপ্রাইজ নামের লৌহসামগ্রীর গুদাম ছিল। এর চারতলায় বাড়ির মালিক নিজেও থাকতেন। ভবনের মালিক শহীদুল ইসলাম বলেন, ভবনটি কয়েক বছর ধরে এভাবে আছে। ভবনের কোথাও ফাটল ধরেনি অথচ রাজউকের নির্দেশে ভেঙে ফেলতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, নিচু ও জলা জমিতে বাড়ি তৈরি, মাত্র এক কাঠা জায়গায় ছয়তলা বাড়ি নির্মাণ, পশ্চিম পাশের ভবন নির্মাণের সময় দীর্ঘদিন গর্ত তৈরি করে রাখার ফলে ভিত নাজুক হয়ে যাওয়া ও ভবনের নিচতলায় গুদামে অতিরিক্ত পরিমাণ লৌহসামগ্রী মজুতের কারণে এটি হেলে পড়েছে। ভবনের সামনে রাস্তার ঠিক উল্টো পাশের স্থানীয় বাসিন্দা হিরু বলেন, ভবনের সামনের রাস্তা বেগমগঞ্জ লেন একসময় খাল ছিল। এ ভবনটি তিনি কয়েক বছর ধরে এ রকম দেখছেন বলে জানান। তাঁর দাবি, কেউ শত্রুতাবশত এ নিয়ে অভিযোগ করে এটা ভাঙার কাজ করাচ্ছে।

গত বুধবার দুপুরে ভবনটি হেলে পড়ার খবর পাওয়ার পর বিকেলে রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান ভবনের বাসিন্দাদের অনুরোধ করলে তাঁরা ভবনটি খালি করে দেন। পরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের নির্দেশে ভবনটি সিলগালা করে দেওয়া হয়।