ভাঙা হচ্ছে শতবর্ষের পুরোনো স্কুল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষের পুরোনো ভবনের দরজা–জানালা খুলে ফেলা হয়েছে। ভবনটির কিছু অংশ ভাঙাও হয়েছে l ছবি: প্রথম আলো
নড়াইলের লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষের পুরোনো ভবনের দরজা–জানালা খুলে ফেলা হয়েছে। ভবনটির কিছু অংশ ভাঙাও হয়েছে l ছবি: প্রথম আলো

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রায় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি দোতলা ভবন বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভবনটি গত মঙ্গলবার থেকে ভাঙা শুরু হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইতনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) লোহাগড়া থানায় একটি মামলা করেছেন।
মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকুকুল হক খান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরদার নাজমুল হাসান এবং ৮-১০ জন শ্রমিককে আসামি করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সরকারি সম্পত্তি ধ্বংস করার ওই মামলায় গতকালই সরদার নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার ভবনটি ভাঙার কাজ শুরু হয়। গতকাল সকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এতে বাধা দিয়েছেন। এরপর ভাঙার কাজ বন্ধ রয়েছে।
ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ইতনা মৌজার ৮২৫ ও ৯৪০ নম্বর খতিয়ানভুক্ত ৪৬২ নম্বর দাগের ৯২ শতাংশ জমির ওপর ওই ভবনটি। এটি ‘ক’ তফসিলভুক্ত সরকারি সম্পত্তি। ১৯৩০ সালে ওই বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে পাঠদানের জন্য ভবনটি ব্যবহার করা হচ্ছিল।
গতকাল বেলা ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দোতলা ভবনের সব দরজা-জানালা খুলে নেওয়া হয়েছে। ছাদ ও দেয়ালের কিছু অংশ ভাঙা হয়েছে। এ সময় কোনো শ্রমিককে পাওয়া যায়নি।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোল্লা মো. হায়দার আলী বলেন, ওই ভবনের মূল্যবান কাঠের তৈরি ২৮টি দরজা ও ৩১টি জানালা খুলে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক এটি ভাঙার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গ্রেপ্তার হওয়ার আগে সরদার নাজমুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভবনটি পুরাতন হওয়ায় খুব ঝুঁকিপূর্ণ। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর অনুমতি নিয়ে এটি অপসারণ করা হচ্ছে। অপসারণের ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এখনো বিক্রি করা হয়নি। বিক্রির ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. ফকুকুল হক খান বলেন, ‘ভবন অপসারণের ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সভাপতি নিজ দায়িত্বে করছেন। আমি তাঁকে বলেছিলাম, এটি এভাবে ভাঙা যায় না। এর প্রক্রিয়া আছে।’
ইউএনও মো. মোকতার হোসেন বলেন, ‘ভবন অপসারণের অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েও এটি অপসারণ করতে পারে না। এসব সম্পত্তি অপসারণ বা বিক্রি করতে হলে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি আছে। সে কমিটির অনুমোদন সাপেক্ষে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিলামের মাধ্যমে করতে হবে। আর এ ধরনের ভবন ঐতিহ্য। এটি সংস্কার করে সংরক্ষণ করতে চেয়েছিলাম।’
লোহাগড়া উপজেলা প্রকৌশলী মো. ওসমান গনি বলেন, ‘আমি কোনো অনুমতি দিইনি। দিতেও পারি না।’