ভাঙা হচ্ছে সুরমাতীরের সেই বিলাসী শৌচাগার

সিলেট নগরে সুরমা নদীর তীর দখল করে কাজীরবাজার মৎস্য আড়তদার সমিতির নির্মিত সেই বিলাসী শৌচাগার অবশেষে ভাঙা শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নুরুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শৌচাগার ভাঙা শুরু করেন।
নির্বাহী হাকিম নুরুল হুদা প্রথম আলোকে বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন তদন্ত করে শৌচাগার স্থাপনের কোনো বৈধতা পায়নি। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টা থেকে সিটি করপোরেশনের নির্মাণশ্রমিকের একটি দল শৌচাগার ভাঙা শুরু করে।
বেলা দুইটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোতলা শৌচাগারের প্রথম তলা ভাঙা হয়েছে। সুরমাতীর দখল করে দোতলা এই শৌচাগার নির্মাণ করেছিল কাজীরবাজার মৎস্য আড়তদার সমিতি। গত ২১ জুন প্রথম আলোর প্রথম পাতায় নির্মিত শৌচাগারের ছবিসহ ‘সুরমাতীরে বিলাসী শৌচাগার, বর্জ্য মিশেছে নদীতে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর সিটি করপোরেশন সরেজমিন অনুসন্ধান চালিয়ে সত্যতা পায়।
২২ জুন সিটি করপোরেশনের প্রকৌশলীর দপ্তর শৌচাগার উচ্ছেদে আড়তদার সমিতিকে নোটিশ পাঠায়। এতে শৌচাগারের জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের বলে অবহিত করে শৌচাগার নির্মাণ অবৈধ বলে উল্লেখ করা হয়। পরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (সমন্বয়) ইকরামুল হক সিলেটের জেলা প্রশাসককে তা ভাঙার জন্য চিঠি দেন।
এরপরও এটি ভাঙা হচ্ছিল না। গত ২৫ সেপ্টেম্বর ‘সুস্থ নগর, সুস্থ নদী’ প্রতিপাদ্যে বিশ্ব নদী দিবস পালনকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে শৌচাগার অপসারণের দাবি জানালে জেলা প্রশাসক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ভাঙার আশ্বাস দিয়েছিলেন।
আরও পড়ুন: