ভাঙা হলো আ.লীগ কার্যালয়সহ অর্ধশত অস্থায়ী দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য বেগুনবাড়ি এলাকায় ফুটপাত দখল করে নির্মিত আওয়ামী লীগের কার্যালয়সহ অর্ধশত অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
বটতলাসংলগ্ন এই ফুটপাত দখল করে নির্মিত দোকান তিন মাস আগেও একবার উচ্ছেদ করা হয়। কিন্তু আবারও সেখানে অস্থায়ী দোকান নির্মাণ করা হয়। দখলের কারণে হাঁটার পথ বন্ধ হয়ে যায়। সম্প্রতি একজন সংক্ষুব্ধ আইনজীবীর করা রিটের কারণে আদালত ওই ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
বেলা সোয়া ১১টার দিকে উত্তর সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হয়। দোকানদার ও আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা প্রথমে বাধা দেন। কিন্তু আদালতের রায়ের বিষয়টি করপোরেশনের পক্ষ থেকে জানানো ও সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে দোকানদারেরা দোকানের জিনিসপত্র সরিয়ে নিতে সময় চান। ম্যাজিস্ট্রেট তাঁদের এক ঘণ্টা সময় দেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ফুটপাতের ওপর থাকা দোকান উচ্ছেদ শুরু হয়। বটতলায় থাকা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভেঙে ফেলা হয়।