ভাঙা হলো সিগালের সীমানাপ্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সৈকতের ‘সিগাল’ হোটেলের সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে প্রশাসন। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার সৈকতের ‘সিগাল’ হোটেলের সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে প্রশাসন। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজার সমুদ্রসৈকতের পাশের তারকা হোটেল ‘সিগাল’-এর সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল সীমানাপ্রাচীর ভাঙার কাজ শুরু করে। বেলা ১টা পর্যন্ত সীমানাপ্রাচীর ভাঙার কাজ চলে।
অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া।
সিগালের প্রধান নির্বাহী শেখ ইমরুল ইসলাম বলেন, কোনো ধরনের নোটিশ বা আদেশ ছাড়াই দৃষ্টিনন্দন সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে প্রশাসন। এতে হোটেলে থাকা দেশি-বিদেশি পর্যটকেরা বিব্রত হয়েছেন। তাঁর দাবি, হোটেলের দখলে সরকারি খাসজমি ছিল না। যেটুকু জমি পড়েছে, তা সামনের সড়কের অংশ। প্রশাসন সময় দিলে নিজেরাই তা সরিয়ে নিতেন। প্রাচীর ভেঙে দেওয়ায় হোটেলের সুনাম ও আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, হোটেল সিগাল কর্তৃপক্ষ সীমানাপ্রাচীর তৈরির সময় প্রায় ৫০ শতক সরকারি খাসজমি (প্রস্থে ৩০ ফুট ও দৈর্ঘ্যে ৫৩০ ফুট) দখল করে। এর আগে একাধিকবার জরিপ করে ওই খাসজমি চিহ্নিত করা হয়েছে। খাসজমির দখল ছেড়ে দিতে হোটেল কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসন বাধ্য হয়ে ওই খাসজমি উদ্ধার করেছে।
সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া বলেন, সিগাল হোটেল থেকে দক্ষিণ দিকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত এলাকায় হোটেলসহ চারটি প্রতিষ্ঠানের দখলে রয়েছে প্রায় এক একর সরকারি জমি। গতকাল উচ্ছেদ অভিযান চালিয়ে সিগাল হোটেল থেকে ৫০ শতক খাসজমি উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ৫০ শতক জমিও দ্রুত উচ্ছেদ করা হবে। এর মধ্যে হোটেল প্রাসাদ প্যারাডাইসের দখলে আছে ১৭ শতক, তরঙ্গ রেস্টুরেন্টের দখলে ১৭ শতক এবং ফুড ভিলেজ নামের একটি রেস্তোরাঁর দখলে আছে ১৬ শতক খাসজমি।
ইউএনও মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাত দিন আগে হোটেল সিগালের খাসজমিটুকু চিহ্নিত করা হয়েছে। ওই সময় হোটেল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে খাসজমি থেকে সব স্থাপনা সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিল। অঙ্গীকারের নির্ধারিত সময় শেষ হওয়ায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে।