ভাঙা হাটেও সরগরম ঢাকা-১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ঢাকা-১৬ আসনের নির্বাচনী এলাকা। চলছে নির্বাচনী মিছিল ও সভা-সমাবেশ। গণসংযোগ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোট চেয়ে প্রার্থীদের জন্য মাইকিং করছেন তাঁদের সমর্থকেরা।
গতকাল মঙ্গলবার ঢাকা-১৬ আসনের (মিরপুর ৬, ৭, ১০, ১১, ১২ ও রূপনগর) নির্বাচনী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ওই এলাকার নির্বাচনী মাঠ এখন সরগরম। সারা দেশে ইতিমধ্যে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচনের এই ভাঙা হাটেও ঢাকা-১৬ আসনে নির্বাচনের এই উত্তাপ-আমেজে সেখানকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
৫ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস উদ্দিন মোল্লাহ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই আসনে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি সর্দার মোহাম্মদ মান্নান ওরফে কচি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. খালিদ হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্দার মোহাম্মদ মান্নান ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক। এই এলাকায় ভোটার সংখ্যা তিন লাখ ৪২ হাজার ৩৫৫ জন।
গতকাল দুপুর ১২টার দিকে পল্লবী সিটি ক্লাব মাঠের উল্টো দিকে কয়েকজন মানুষ জড়ো হয়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। সেখানে উপস্থিত গাজী ফিরোজ ও জহিরুল ইসলাম বলেন, ‘মূল কথা হলো ইলিয়াস মোল্লাহ ও সর্দার মান্নান দুজনই আওয়ামী লীগের লোক। নির্বাচন হচ্ছে তো নিজেদের মধ্যেই। এ কারণে আমাদের কাছে মনে হয়, একতরফা এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকবে।’
মহানগর যুবলীগ কমিটির একজন সদস্য জানান, ইলিয়াস মোল্লাহ ও সর্দার মান্নানের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তবে নির্বাচন ঘিরে দুই প্রার্থীই টাকা ঢালছেন। কয়েক দিন আগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই প্রার্থীর পক্ষ থেকে পল্লবী থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত পাঁচ বছরে এলাকার ভাঙা রাস্তাঘাটের মেরামত হয়নি। শুকনা মৌসুমে বেশির ভাগ সড়কের জলাবদ্ধতা দূর হয়নি। এলাকায় বেড়ে গেছে মাদক ব্যবসা ও ছিনতাই। এ সুযোগ কাজে লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী মান্নান ভোটারদের কাছে টানছেন। আবার ইলিয়াস মোল্লাহ সভা-সমাবেশের মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা এবং অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চাইছেন ভোটারদের কাছে। গতকাল বেলা একটার দিকে পল্লবীর প্যারিস রোডে গণসংযোগ করছিলেন স্বতন্ত্র প্রার্থী সর্দার মান্নান। সামনে-পিছে তাঁকে ঘিরে আছেন ৫০ জনের মতো সমর্থক। এঁদের কেউ কেউ নিজেদের বিএনপি, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী বলে পরিচয় দেন।
সর্দার মান্নান প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। ৮০ শতাংশ ভোট তাঁর পক্ষে যাবে।
প্রায় একই সময় ইলিয়াস মোল্লাহ মিরপুর ১২ নম্বর সেকশনে গণসংযোগ করেন। তাঁকে আরেকবার নির্বাচিত করে জনগণের জন্য কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন তিনি।