ভাঙা হাত নিয়ে আর কাতরাবেন না জরিতন

ভাঙা হাত নিয়ে আর কাতরাবেন না জরিতন বেগম (৭৮)। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বিধবাপল্লির এই বৃদ্ধা গত রোববার রাত পৌনে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।
১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী সোহাগপুরে ১৮৭ জনকে হত্যা করে। এর মধ্যে জরিতনের স্বামী খেজুর আলীসহ পরিবারের পাঁচজন সদস্য ছিলেন।
জরিতনের ছেলে আজগর আলী বলেন, তাঁর মা নানা অসুখে ভুগছিলেন। গত ১৯ জুন বিছানা থেকে পড়ে তাঁর বাঁ-হাত ভেঙে যায়। কিন্তু টাকার অভাবে মায়ের চিকিৎসা করাতে পারছিলেন না। ৪ জুলাই প্রথম আলোয় ‘ভাঙা হাত নিয়ে কাতরাচ্ছেন জরিতন বেগম’ শিরোনামে প্রতিবেদন ছাপা হওয়ার পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান তাঁর চিকিৎসায় এগিয়ে আসেন। গত বৃহস্পতিবার একটি ক্লিনিকে জরিতনের হাতে প্লাস্টার করা হয়। ওই দিন রাতেই তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল দুপুরে সোহাগপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয় কাকরকান্দি ইউপির চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার বলেন, জরিতন বীরাঙ্গনা ছিলেন। কিন্তু তিনি স্বীকৃতি পাননি, পেলে মৃত্যুর আগে একটু শান্তি পেতেন।