ভাঙা হাত নিয়ে কাতরাচ্ছেন জরিতন বেগম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লির জরিতন বেগম (৭৮) বয়সের ভারে আর ঠিকমতো চলাফেরা করতে পারেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। সপ্তাহ খানেক হতে চলল, বাঁ হাতটাও ভেঙে গেছে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গণহত্যায় তাঁর স্বামী খেজুর আলী, বড় ছেলে আবুল হোসেনসহ পরিবারের পাঁচ সদস্যকে হানাদারেরা হত্যা করে। জরিতনও নির্যাতনের শিকার হন। ছোট চার ছেলেমেয়েকে অনেক কষ্ট করে বড় করেন তিনি।
জরিতনের পরিবারের সদস্যরা বলেন, বার্ধক্যের কারণে তিনি এখন নানা অসুখে ভুগছেন। এখন বছরের অধিকাংশ সময় তিনি বিছানায় পড়ে থাকেন। এর মধ্যে ১৯ জুন বিছানা থেকে পড়ে তাঁর বাঁ হাত ভেঙে যায়। কিন্তু টাকা না থাকায় এখনো চিকিৎসা করানো হয়নি। ভাতা হিসেবে মাসে ১ হাজার ৭০০ টাকা পান।
গত শনিবার বিকেলে সোহাগপুরে গিয়ে দেখা গেছে, একটা টিনের ঘরে চৌকির ওপর শুয়ে জরিতন বিলাপ করছেন। তাঁর দুই নাতনি তাঁকে ধরে নিয়ে ওঠানের চেয়ারে বসান। জরিতন ভাঙা হাত দেখিয়ে যন্ত্রণার কথা বলতে চেষ্টা করেন। কেমন আছেন
জানতে চাইলে মাথা নেড়ে না সূচক জবাব দেন।
ছেলের বউ রাশিদা বেগম বলেন, ‘নিজের হাতে খাইবার পায় না। কোলে কইরা বাহিরে নিয়া গুছুল করাইন লাগে। আহতা ভাইঙা যাওয়নে আর বিপদ অইছে। অহন আতের যন্ত্রণায় সব সময় কান্নাকাটি করে।’
ছেলে আজগর আলী বলেন, ‘টাকাপয়সার অভাবে ভালো ডাক্তারের কাছে নিবার পাইছি না। দেহা যাক ঈদের পরে একটা ব্যবস্থা করমু।’
তিনি আরও বলেন, বীরাঙ্গনা হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত করা হলেও স্বীকৃতি দেওয়া হয়নি। তাঁর মা বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়ার যোগ্য।
সোহাগপুরের নারী মুক্তিযোদ্ধা হাসেনা বানু বলেন, ‘তারে (জরিতন) স্বীকৃতি না দিলে ভুল অইবো।’
কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার বলেন, জরিতন বেগমকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি না দেওয়াটা দুঃখজনক। এ বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি দ্রুত জরিতনের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেওয়ার কথা জানান।
এ বিষয়ে কথা বলার জন্য উপজেলার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিদানের যাচাই-বাছাই কমিটির সদস্য ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।