ভাঙা হাতে পরীক্ষা দেন তিনি
হেমায়েত উদ্দিন (৩২)। তাঁর ডান হাতে ব্যান্ডেজ আর মাথা গজ-তুলা দিয়ে মোড়ানো। হাত ভেঙে গেছে, মাথাও ফেটে গেছে বলে তিনি রোগী হয়ে ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর এ ঘটনায় প্রতিপক্ষের ছয় ব্যক্তির নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করেন তাঁর বাবা আবদুস সালাম।
অথচ সেই অসুস্থ ব্যক্তিকে গতকাল শুক্রবার দেখা গেছে বাউফল সরকারি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে। গতকাল ছিল ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা।
সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, বাউফল সরকারি কলেজ কেন্দ্রের ৫ নম্বর কক্ষে হেমায়েত উদ্দিন পরীক্ষার খাতায় লিখছেন। তাঁর হাতের ব্যান্ডেজ খোলা অবস্থায় পাশেই রাখা।
এ বিষয়ে পরীক্ষার দায়িত্বে থাকা মো. এনামুল হক সায়েম বলেন, ‘হাতে ও মাথায় ব্যান্ডেজ দেখে শুরুতে হেমায়েতকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে হয়েছে, তখন সে মোটরসাইকেল দুর্ঘটনায় এমনটা হয়েছে বলে আমাকে জানায়।’
অভিযোগ রয়েছে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে সুস্থ হয়েও হাত ভাঙা ও মাথা ফাটার নাটক করে রোগী হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন হেমায়েত।
যদিও এ অভিযোগ অস্বীকার করেন হেমায়েতের বাবা আবদুস সালাম। তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলেসহ পাঁচজনকে পিটিয়ে, কুপিয়ে আহত করেছেন। এতে হেমায়েতের হাত ভাঙে, মাথাও যায় ফেটে। স্বাস্থ্য কমপ্লেক্সে থাকাকালে আপনার ছেলের হাতে ব্যান্ডেজ ছিল। কিন্তু পরীক্ষার সময় ব্যান্ডেজ খুলে ওই হাত দিয়ে পরীক্ষার খাতায় লিখছেন। এতে কি প্রমাণ হয় না যে আপনার ছেলের হাত আসলে ভাঙেনি, এমন প্রশ্নের জবাব না দিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেন তিনি।
বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল সৌরভের কাছে হেমায়েত উদ্দিন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভর্তির রেজিস্ট্রার অনুযায়ী তিনি (হেমায়েত) ভর্তি আছেন। অনুমতি ছাড়া কীভাবে পরীক্ষায় অংশ নিচ্ছেন, আর হাত ভেঙে থাকলে ব্যান্ডেজ খুলে কীভাবে লিখছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কমপ্লেক্সের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। আর হাত ভেঙে থাকলে এত অল্প সময়ের মধ্যে লিখতে পারার কথাও নয়। তাঁর নাম কেটে দেওয়া হবে বলেও জানান তিনি।