ভাঙাচোরা ভবনে ঝুঁকি নিয়ে পড়াশোনা
ভাঙা দরজা-জানালা আর পলেস্তারা খসা দেয়াল। ভবনের পিলারগুলোও ভেঙে ভেতরের রড বেরিয়ে গেছে। এর মধ্যেই আতঙ্ক নিয়ে চলছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা।
গত শনিবার বালিয়াতলী ইউনিয়নের এ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনটির ৯০ ভাগ পলেস্তারা খসে পড়েছে। পিলার থেকে বের হয়ে গেছে রড। ভবনের মেঝে দেবে গেছে। দু-একটি কক্ষের দরজা-জানালা নেই। বৃষ্টি হলে ভবনের ছাদ চুয়ে পানি পড়ে।
একজন শিক্ষক বলেন, বিদ্যালয়ে ১৯৫ জন শিক্ষার্থী আছে। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই বর্তমানে পঞ্চম শ্রেণির ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চলছে। অবস্থা আরও খারাপ হওয়ায় গত চার মাস ধরে বিদ্যালয়ের অদূরে পক্ষিয়াপাড়ার রাখাইনদের কমিউনিটি সেন্টারে শিশু থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলে। অভিভাবক মো. বশির উদ্দিন মৃধা বলেন, ‘ইসকুলে পোলাপান গেলে ভয়ে থাহি, কোন সময় ছাদ ভাইঙ্গা পইড়্যা কিছু ঘটে। নতুন ইসকুল না করলে, আমাগো পোলাপানের ল্যাহাপড়ার ক্ষতি অইবে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মং তেনথান বলেন, ১৯৯৫ সালে বিদ্যালয়ের এ ভবনটি নির্মাণ করা হয়। একমাত্র ভবনটির এমন অবস্থা হওয়ায় তাঁরা বিপদে পড়েছেন। শিক্ষার্থীরা তো ছোট, ওরা বোঝে না। ওরা বিদ্যালয়ে এসে ছোটাছুটি শুরু করে দেয়। ফলে যেকোনো সময় জরাজীর্ণ ভবনটির পলেস্তারা বা ইট খসে পড়ে যে কেউ আহত হতে পারে।
প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক বলেন, দুই জায়গায় গিয়ে শিক্ষকদের ক্লাস নেওয়ায় সমস্যা হয়। বাইরে শিক্ষার্থীদের জন্য শৌচাগারের ব্যবস্থাও নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গত জুলাই মাসে এবং সর্বশেষ সেপ্টেম্বরে আরেক দফা লিখিতভাবে এ সমস্যার কথা জানিয়েছেন। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, তাঁরা এ বিদ্যালয়ের অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়ার প্রকৌশলী মো. আবদুল মান্নান বলেন, কিছুদিনের মধ্যে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।