ভাঙাচোরা ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধা পাকা ভবনের টিনের চালে অনেক ছিদ্র। বৃষ্টি হলেই ভবনের ভেতরে পানি পড়ে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। দরজা-জানালাগুলোও ভাঙাচোরা। এ করুণ অবস্থা জামালপুর সদর উপজেলার নরুন্দি কোচনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চার মাস আগে কর্তৃপক্ষ বিদ্যালয়টিকে মৌখিকভাবে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু বিকল্প না থাকায় এই ভবনেই শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। উপরন্তু বেঞ্চের অভাবে শিক্ষার্থীরা মাটিতে বসেই পরীক্ষা দিচ্ছে ও ক্লাস করছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৭৫ জন ও শিক্ষক পাঁচজন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, অনেক দিন ধরে বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এখানে তিনটি শ্রেণিকক্ষ ও একটি কার্যালয় আছে। তিনটি শ্রেণিকক্ষেরই টিনের চাল ফুটো। বৃষ্টি হলেই পানি পড়ে।
পঞ্চম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান বলে, গত বছর তৃতীয় শ্রেণির ছাত্রী হামিদার ওপর দরজা ভেঙে পড়েছিল। ভবনের ভেতরে ক্লাস করার সময় তাদের খুব ভয় হয়। বৃষ্টির সময় পানি পড়ে। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় দাঁড়িয়ে বা মাটিতে বসে ক্লাস করতে হয়।
বিদ্যালয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৮ সালে স্থানীয় মো. গুলজার হোসেন নামের এক ব্যক্তি আধা পাকা একটি ভবন নির্মাণ করে সেখানে নরুন্দি কোচনধরা জুনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। পরে ১৯৬০ সালে ওই মাদ্রাসার পরিবর্তে নরুন্দি কোচনধরা প্রাথমিক বিদ্যালয় চালু করা হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি হয়। দীর্ঘ ৪২ বছর কেটে গেলেও ওই টিনশেড ভবনটিতে কোনো সংস্কারকাজ করা হয়নি।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা। চতুর্থ শ্রেণির ছাত্র শরিফুল ইসলামের বাবা নূরুল ইসলাম বলেন, শহরের প্রায় সব বিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে নতুন হয়েছে। কিন্তু এ বিদ্যালয়ের কোনো উন্নয়ন হয়নি। ছাত্রছাত্রীদের বসারও বেঞ্চ নেই।
প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, এ বছরের এপ্রিল মাসে ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। বিষয়টি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তিনি মৌখিকভাবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। তিনি শিক্ষার্থীদের অন্য স্থানে ক্লাস করানোর কথা বলেন। কিন্তু বিদ্যালয়ের আশপাশে কোনো জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে এখানেই পড়ানো হচ্ছে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছ উদ্দিন বলেন, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই বিদ্যালয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিদ্যালয়টি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।