পিচঢালাই উঠে গিয়ে কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও রড বেরিয়ে গেছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। এ কারণে সড়ক উঁচুনিচু হয়ে আছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করার সময় ঝাকুনিতে যাত্রীদের শরীর ব্যথা হয়ে যায়। এই দুরবস্থা হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়কের।
স্থানীয় ব্যক্তিরা জানান, দীর্ঘদিন সংস্কার না করায় সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। এতে এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহনে চলাচল করতে গিয়ে ১৮টি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তাদের জেলা শহরে যাওয়ার একমাত্র সড়ক এটি। বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও কোনো ফল হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বল্লভপুর, ফতেপুর, লালপুর, রামেশ্বরপুর, খাগুড়া, দুর্লবপুর, সাদকপুর, রহমানপুর, বুড়িস্থল, জালালপুর, ইছাগড়ি, আবদুল্লাহপুর, ছিন্নাতপুর এবং কুরবাননগর ইউনিয়নের আলমপুর, নূরপুর, কান্দাগাঁও, লালারচর ও নোয়াগাঁও গ্রামের ১০ হাজার মানুষ প্রতিদিন সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। মোল্লাপাড়া ও কুরবানগর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ওই সড়কের ওপরে বেতগঞ্জ বাজারের অবস্থান। জেলা শহর থেকেও নানা প্রয়োজনে লোকজন ওই বাজারে যাতায়াত করে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় সড়কের বুড়িস্থল পয়েন্ট থেকে বেতগঞ্জ বাজার পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাদকপুর গ্রামের পাশে খানাখন্দ বেশি। কোনো কোনো স্থানে সড়কের ঢালাইয়ের পাথরের খোয়া উঠে গিয়ে রড বেরিয়ে এসেছে। আবার কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্তের। এসব গর্তে কাদাপানি জমে আছে।
সাদকপুর গ্রামের বাসিন্দা সামসুজ্জামান বলেন, ‘ভাঙাচোরা সড়কের কারণে সারা বছরই আমাদের দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির দিনে এই দুর্ভোগ আরও বাড়ে।’ বেতগঞ্জ বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘জেলা শহর থেকে মালামাল নিয়ে আসতে আমাদের ভোগান্তি পোহাতে হয় বেশি। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। বেহাল সড়কের কারণে টেম্পো, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা মালামাল নিয়ে আসতে চান না। আলমপুর গ্রামের অটোরিকশাচালক আবুল খায়ের জানান, ‘সড়কের কারণে অটোরিকশা চালাতে মন চায় না। ৩০ মিনিটের পথে সময় লাগে এক ঘণ্টা। এতে মানুষজনও বিরক্ত হয়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমেদ প্রথম আলোকেবলেছেন, ‘এবার হবে না। এই সড়কটি সংস্কারের জন্য আগামী অর্থবছরে প্রকল্প নেওয়ার পরিকল্পনা আছে।’