>

বেহাল সড়ক—৮৬
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
জামালপুর পৌর শহর থেকে সরিষাবাড়ী উপজেলার পপুলার মোড় পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা। সড়কের বেশির ভাগ অংশে পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের একটু পরপর ছোট-বড় অসংখ্য গর্ত। গুরুত্বপূর্ণ এই সড়কটি সরু হওয়ায় একসঙ্গে দুটি যানবাহন অতিক্রম করতে পারে না। এতে গাড়ি চলে ধীরগতিতে। দুই বছর ধরে মেরামত না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সড়কের অনেক অংশে পিচ উঠে খোয়া বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়কের পাশে ভেঙে গিয়েছে। ধীরে চলছে ট্রাক, বাস, প্রাইভেটকার, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন। সড়কটি সরু হওয়ায় একটি গাড়ি থামিয়ে আরেকটি গাড়ি পার হতে হচ্ছে। ফলে সময় লাগছে বেশি। সড়কের টিউবওয়েল পাড়, নাকাটি, কুটামনি, কেন্দুয়াঘুন্টি, দামেরশ্বর, কেন্দুয়া বাজার, পণ্ডিতপাড়া, খামারপাড়া, জোকারপাড়া, গৌরীপুর, ঝাউরাম, টনকি ও সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার ও ফুলবাড়ী এলাকার অবস্থা বেশি খারাপ।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান বলেন, সড়কটির অবস্থা অনেক নাজুক হয়ে পড়েছে। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে মেরামত করা হয়েছিল। এরপর প্রকল্প না পাওয়ায় সড়কটি মেরামত করা সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রয়োজনের তুলনায় অনেক সরু। এতে যানবাহন চলাচলে অনেক সমস্যা হয়। সড়কটি ৩২ ফুট প্রস্থ করার জন্য একটি প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পেলেই সড়কটি প্রশস্ত ও অবকাঠামো উন্নয়নকাজ শুরু করা হবে।
কয়েকজন চালক বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা। মাঝেমধ্যে ভাঙাচোরা স্থানে খোয়া-বালু ফেলে পিচ ঢালাই করা হয়। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়। সড়কটির প্রস্থ ১২ ফুট হওয়ায় একসঙ্গে দুটি বাস বা ট্রাক অতিক্রম করতে পারে না। সড়কের পাশে একটিকে থেমে অন্য বাস বা ট্রাককে রাস্তা অতিক্রম করতে হয়। সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার সার জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম জেলার রৌমারী-রাজিবপুর এলাকার সার এ সড়ক দিয়ে পরিবহন হয়ে থাকে। সড়কটি ভাঙাচোরা ও সরু হওয়ার কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
কেন্দুয়া বাজার এলাকার আশরাফ হোসেন বলেন, জামালপুরের দক্ষিণ-পূর্ব অঞ্চলের যোগাযোগের একমাত্র সড়ক এটি। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল থাকলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই। বছরে কয়েকবার ভাঙাচোরা অংশে কিছু ইট ও খোয়া দিয়ে মেরামত করা হয়। কয়েক সপ্তাহের মধ্যেই সড়কটি আবার আগের অবস্থায় চলে আসে।
ট্রাকচালক ইয়াকুব আলী বলেন, মাসে কয়েকবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে যেতে হয়। চার-পাঁচ বছর ধরে এটি ভাঙাচোরা। সড়কটি বেহাল থাকায় ৩০ মিনিটের পথ পার হতে এখন লাগে এক ঘণ্টা।