ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না করায় কুমিল্লার লালমাই থেকে বরুড়া উপজেলায় যাওয়ার প্রধান সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে বরুড়া উপজেলার পাঁচ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লা সূত্রে জানা গেছে, কুমিল্লার লালমাই থেকে বরুড়া হয়ে জগৎপুর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক রয়েছে। এ সড়কের প্রস্থ কোথাও ১৮ ফুট, কোথাও ১২ ফুট, আবার কোথাও ১০ ফুট। একমাত্র এ সড়ক দিয়েই কুমিল্লা থেকে বরুড়ায় শত শত যাত্রীবাহী বাস চলাচল করে। এর সঙ্গে চলে অন্যান্য যানবাহনও।
সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে দেখা গেছে, চণ্ডীমুড়া এলাকায় সড়ক উঁচু-নিচু, লাইজলা এলাকায় সড়কের পিচ উঠে গেছে। দিঘলগাঁওয়ে সড়কের মধ্যে গভীর খাদের সৃষ্টি হয়েছে। একই অবস্থা লতিফপুর, বরুড়া বাজার, অর্জুনতলা, দেওড়া, মেড্ডা, ঝলম, সিংগুর, বেওলাইন ও আড্ডা এলাকার। এসব এলাকার সড়কের বেশির ভাগই ভাঙাচোরা।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন বরুড়ার ঝলম উচ্চবিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাসুদ মজুমদার। তিনি বলেন, ‘মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন বাসে করে কলেজে আসা-যাওয়া করছি। গত ১০ বছরে ওই সড়কের কোনো উন্নয়ন হয়নি।’
দেওড়া এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, লালমাই-বরুড়া সড়ক যেন একটি মরণফাঁদ। কেউই এ সড়কের দিকে নজর দিচ্ছে না।
কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর ফারুক বলেন, সড়ক বেহাল হওয়ার কারণে বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে যানবাহনের মেরামত-ব্যয়ও বেড়েছে। শিগগিরই সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, কুমিল্লার লালমাই থেকে বরুড়া হয়ে জগৎপুর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক রয়েছে। সড়কে সর্বশেষ ২০০৬ সালে সংস্কার করা হয়েছে। বরাদ্দ না থাকায় এত দিন সড়কে কোনো সংস্কারকাজ হয়নি। সড়কের ২১ দশমিক ৭০ কিলোমিটার অংশের সংস্কার করার জন্য গত সপ্তাহে ২৪ কোটি ৭২ লাখ ১৯ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ২০১৭ সালের জুন মাসের মধ্যে ওই কাজ শেষ হবে। দরপত্র মূল্যায়ন শেষে আগামী মার্চ মাসে কাজ শুরু করার কথা রয়েছে।
সওজ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান বলেন, ইতিমধ্যে সড়কের কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। সড়কের মধ্যে থাকা সেতু ও কালভার্টের কাজের দরপত্র শিগগিরই আহ্বান করা হবে। এ জন্য ৪ কোটি ১০ লাখ ২ হাজার ৩ টাকার একটি প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। ওই কাজ শেষ হলে জনদুর্ভোগ কমে আসবে।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ নুরুল ইসলাম মিলন বলেন, ২০১৫ সালের ৩১ আগস্ট পরিকল্পনামন্ত্রী এ সড়কের জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দের অনুমোদন দেন। দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই সড়কের মেরামতকাজ শুরু হবে।