ভাঙাচোরা সড়কে ভোগান্তি
দীর্ঘদিন সংস্কার না করায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শহরের একটি সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান ভেঙে গেছে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বেশি কষ্ট হচ্ছে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উপজেলা সদরের আবদুল হেকিম চৌধুরী চত্বরের সামনে সড়ক থেকে হলিদাকান্দা গ্রামের সামনের মোড় পর্যন্ত সড়কটির দূরত্ব প্রায় এক কিলোমিটার। এটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে। এ সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, ঠেলাগাড়ি, ভটভটি, মোটরসাইকেল, ট্রাক, লেগুনা, ট্রলিসহ প্রতিদিন দুই শতাধিক যানবাহন চলাচল করে। এ সড়ক দিয়ে উপজেলার চার–পঁাচটি ইউনিয়নের মানুষ চলাচল করে। এ ছাড়া এ সড়ক দিয়ে ধরমপাশা ডিগ্রি কলেজ, ধরমপাশা মডেল জনতা উচ্চবিদ্যালয় ও ধরমপাশা বালিকা উচ্চিবদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থীও চলাচল করে।
স্থানীয় লোকজন আরও জানান, ধরমপাশা বাজারের সড়কটি সরু এবং সেখানে লোকজনদের জটলা লেগে থাকে। এ কারণে ওই সড়কটি বেশি ব্যবহার করা হচ্ছে। সড়কের অধিকাংশ স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যায়।
সরেজমিনে দেখা যায়, ওই সড়কের শয়তানখালী খালের ওপর নির্মিত সেতুর পশ্চিম অংশের সংযোগ সড়কের দুই পাশে চারটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই পাশের ব্লক সরে গিয়ে সড়কে ভাঙন শুরু হয়েছে। ধরমপাশা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী চম্পা আক্তার বলেন, সড়কটি অবস্থা এখন নাজুক হয়ে গেছে। বৃষ্টির পানি সড়কের গর্তে জমে থাকায় দুর্ঘটনা ঘটছে। দুই বছর ধরে সড়কটির এমন দশা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন।
রাজনগর গ্রামের রিকশাচালক তৈাহিদুল ইসলাম বলেন, ‘এই সড়কটার ওফরে দিয়া যাইতে গিয়া জানডা বাইর অইয়া যায়। হত্তিদিনই (প্রতিদিনই) অ্যাকসিডেন্ট অয়।’
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, সড়কটি সওজের অধীনে হওয়ায় এটি সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। সওজের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন বলেন, সেতুটির সংযোগ সড়ক মেরামত ও প্রায় এক কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।