সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও এসব গর্ত গভীর হয়ে ডোবার মতো হয়ে আছে। এতে উঁচু-নিচু হয়ে আছে সড়ক। এর ওপর দিয়ে গাড়িতে চলাচলের সময় ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায় যাত্রীদের। এসব গর্তে পড়ে অনেকে হন আহত। এ দুরবস্থা কুমিল্লা-সালদা নদী সড়কের।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের বিকল্প হিসেবে এ সড়ক ব্যবহার করা হচ্ছে। এ সড়ক দিয়েই কুমিল্লা থেকে কসবা হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করেন যাত্রীরা। ভারতীয় সীমান্তের একেবারেই কাছে এ সড়কের অবস্থান। দীর্ঘ আট বছর যথাযথভাবে সংস্কার না করায় সড়কটি বিভিন্ন অংশ ভেঙে গেছে। সড়ক দিয়ে প্রতিদিন হাজারো বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল করে। সড়কটি সংস্কার করা হলে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং যাত্রীদের দুর্ভোগ লাগব হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসীন বলেন, সড়কের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। এর মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় নয় কিলোমিটার, বুড়িচং উপজেলায় ১১ কিলোমিটার এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ছয় কিলোমিটার পড়েছে। আদর্শ সদর উপজেলার অংশের সড়ক খুবই খারাপ। ঈদ উপলক্ষে ওই অংশে কিছু ইট, সুরকি গর্তে ফেলা হয়েছে। আদর্শ সদর উপজেলার নয় কিলোমিটার সড়ক সংস্কারের জন্য সাড়ে তিন কোটি টাকার দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চানপুর স্টিলের সেতু থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী রেল সেতু পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের শতাধিক স্থানে বড় গর্ত দেখা গেছে। এ অংশের অন্তত আটটি সেতু ও কালভার্টের প্রান্তে গর্ত দেখা গেছে। সড়কের গোমতী নদীর চানপুর সেতুর উত্তর পাড়ে, আদর্শ সদর উপজেলার নন্দীরবাজার এবং মাঝিগাছা কবিরাজ বাজার খান টিম্বারের সামনে ডোবার মতো গর্ত রয়েছে। একই অবস্থা ইসলাম ব্রাদার্সের সামনেও। পিয়ারাতলি মসজিদের সামনে ও সেতুর পাড়ে গর্ত রয়েছে। বাঁশমঙ্গল মসজিদের সামনে, রঘুরামপুর ও তৈলকুপি বাজারের অন্তত ২০টি স্থানে পিচঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে।
সড়কের বুড়িচং উপজেলার ফকির বাজার, কালিকাপুর বাজার, মোরশেদা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে, শংকুচাইল বিজিবি মার্কেট, ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি, শশীদল ও বাগড়া পর্যন্ত রয়েছে অনেক স্থান ভাঙাচোরা।
কুমিল্লা-সালদা নদী সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালান ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘রাস্তা খারাপ হওয়ার কারণে ভাড়াও বাড়ছে। জান বাজি রেখে গাড়ি চালাচ্ছি।’
কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম বলেন, এ সড়কের চরম দুরবস্থা। প্রতিদিন ঝুঁকি নিয়ে কলেজে যেতে হয়। সড়কটির দুই পাশে চারটি কলেজ ও অন্তত ২০টি বিদ্যালয় রয়েছে।
এ সড়কের পাশেই অবস্থিত শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, ‘ছুটির দিন ব্যতীত প্রতিদিন এ সড়ক দিয়ে মোটরসাইকেলে যাতায়াত করি। গর্তে ভরা এ সড়ক দিয়ে পার হতে বেগ পেতে হচ্ছে। গত ২২ অক্টোবর সকাল ১০টায় সড়কের মাঝিগাছা কবিরাজ বাজার এলাকায় গর্তে সিএনজিচালিত অটোরিকশা পড়ে আমার কলেজের অফিস সহকারী মনির হোসেন আহত হন।’