
সড়কে ছোট-বড় গর্ত। উঠে গেছে পিচ ঢালাই। হাঁ হয়ে আছে ইট-পাথর। গাড়ি চলছে হেলেদুলে। বৃষ্টি হলে হাঁটাও দায় হয়ে পড়ে। গর্তে পানি জমে বাড়ে ঝুঁকি। এ চিত্র চট্টগ্রাম নগরের জামালখান ওয়ার্ডের আসকারদিঘীর পূর্বপাড় সড়কের।
প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্যের সড়কটি জামাল খান এলাকার এস এস খালেদ সড়ক ও মোমিন রোডের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। চলাচল করে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। গলিপথটি স্থানীয় ও আশপাশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এ গুরুত্ব আমলে নিচ্ছে না সিটি করপোরেশন। অথচ এই সড়কের অবস্থান নগর ভবন থেকে এক কিলোমিটার দূরত্বে। কাছের সড়কটিতেই নজর নেই করপোরেশনের।

বাসিন্দাদের অভিযোগ, সাত–আট মাস ধরে সড়কটি কঙ্কালসার। সড়কটি এমনিতে ঢালু, তার ওপর ভেঙে যাওয়ায় রিকশা কিংবা অটোরিকশা এখন আর যেতে চায় না।
ছোট এই গলিপথের মতো অবস্থা অন্য উপসড়কেরও। গতকাল সোমবার নগরের ছয়টি উপসড়ক সরেজমিনে ঘুরে দেখেন প্রথম আলোর এই প্রতিবেদক। দেখেন ক্ষতবিক্ষত চেহারা। এর মধ্যে বেশি নাজুক পলিটেকনিক আবদুল হান্নান সড়ক। এ ছাড়া শুলকবহরের আবদুল লতিফ, চকবাজারের কাপাসগোলার আবদুল্লাহ খান, কাতালগঞ্জের তিন নম্বর ও আগ্রাবাদ চৌমুহনী এলাকার হালিশহর সড়কও ভেঙে চুরমার। এসব সড়কে চলাচলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। খানাখন্দে পড়ে আটকে যাচ্ছে গাড়ি।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের হিসাব অনুযায়ী, নগরের ১ হাজার ৬৬ কিলোমিটার সড়কের মধ্যে ৩০০ কিলোমিটার মূল সড়ক। বাকিগুলো অলিগলি ও উপসড়ক। বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয় ৩০০ কিলোমিটার সড়ক। এর মধ্যে ১৫০ কিলোমিটারই হচ্ছে অলিগলি।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘মূল সড়কের চেয়ে তুলনামূলকভাবে উপসড়ক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু আমরা সবগুলো সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। কাউন্সিলররা উপসড়ক নিয়ে তৎপর থাকেন, যার কারণে সেগুলো বেশি দিন খারাপ থাকে না।’

আসকারদিঘীর পূর্ব পাড়ের সড়কটি শিগগিরই মেরামত করা হবে বলে জানিয়ে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, আসকারদিঘীর পূর্ব পাড় এবং একই এলাকার বিমান অফিস সড়কের দরপত্র হয়ে গেছে। শিগগিরই কাজ শুরু হবে।
আসকারদিঘী থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে পলিটেকনিক আবদুল হান্নান সড়ক। শুলকবহর ওয়ার্ডের এই উপসড়কটি শুরু হয়েছে বায়েজিদ বোস্তামী সড়কের টেকনিক্যাল এলাকা থেকে। এ সড়কেও অটোরিকশা, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। বায়েজিদ থেকে এই উপসড়ক ধরে জাকির হোসেন সড়কে ওঠা যায়। সড়কে ঢোকার মুখেই ভাঙাচোরা। ছড়িয়ে–ছিটিয়ে আছে ইট-পাথর। কিছু দূর এগোলে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে ছোট-বড় গর্তে জমে আছে পানি। আরও কিছু দূর এগোতেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। এই অংশে এক পাশে চলছে ওয়াসার খোঁড়াখুঁড়ি, অন্য পাশে গর্ত।
গতকাল বেলা দুইটার দিকে দেখা যায়, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়কের গর্তের মধ্যে চাকা ঢুকে আটকে গেছে একটি পিকআপ। চালক ও সহকারী মিলে সেটি তোলার চেষ্টা করছেন। তখন দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন স্কুলশিক্ষার্থীদের পায়ে হেঁটে কাদা মাড়িয়ে ওই অংশ পার হতে দেখা যায়।

একই ওয়ার্ডের (শুলকবহর) আবদুল লতিফ সড়কটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। গতকাল সকালে সড়কটি ঘুরে দেখা যায় স্থানে স্থানে ভাঙা।
স্থানীয় মনিহারি দোকানি মোহাম্মদ সোলায়মান বলেন, ১০ মিনিট বৃষ্টি হলেই এই সড়ক ডুবে যায়। তখন ভোগান্তিও বাড়ে। সড়কটি তাড়াতাড়ি ভেঙেও যায়।
সড়কটির শাহী ভবন এলাকায় ভেঙে সড়কের অস্তিত্বই নেই। এ ছাড়া আরও দু–একটি স্থানে ভাঙা রয়েছে। সরু এই সড়ক দিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া অন্য গাড়ি চলে না। সড়কটি গিয়ে মিশেছে পাঁচলাইশ থানার মূল সড়কে। ওই অংশও ভাঙা।
লোকজনের ভোগান্তির কথা স্বীকার করে শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, ‘আবদুল হান্নান সড়কটির দরপত্র হয়ে গেছে। কিন্তু ওয়াসার খোঁড়াখুঁড়ির জন্য করতে পারছি না। আর আবদুল লতিফ সড়কের সংস্কারকাজ বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করব।’
আবদুল লতিফ সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা আবদুল্লাহ খান সড়কটি। এটির দূরত্ব ৫০০ মিটারের মতো। এই সড়কে অসংখ্য গর্ত।
স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, এখানে প্রতি বর্ষায় পানি ওঠে। সড়কটি কোথাও উঁচু, কোথাও নিচু। এসব দেখার যেন কেউ নেই।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই পথ দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. শাহীন বলেন, ‘মূল সড়কের যানজট এড়াতে এদিকে ঢুকেছি। কিন্তু এত খারাপ সড়ক জানতাম না।’ এই উপসড়ক আরাকান সড়ক ও কাতালগঞ্জের সঙ্গে সংযোগ স্থাপন করেছে।
একই ওয়ার্ডের কাতালগঞ্জ আবাসিক এলাকার তিন নম্বর সড়কটি অচল হয়ে রয়েছে ছয় মাস ধরে। সড়কের পাশে বালু, ইটের খোয়াসহ বিভিন্ন নির্মাণ সরঞ্জাম স্তূপ করে রাখা হয়েছে। কিন্তু কাজ চলতে দেখা যায়নি।
অন্য দিকের উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সড়ক হালিশহর উপসড়কটিও গুরুত্বপূর্ণ। নগরের চৌমুহনী থেকে বাইপাস হয়ে এই সড়ক ব্যাপারীপাড়া এলাকা দিয়ে মিশেছে আগ্রাবাদ এক্সেস সড়কের সঙ্গে। হালিশহরের লোকজন এই সড়ক ব্যবহার করে নিউমার্কেট কিংবা দেওয়ানহাট এলাকায় যাতায়াত করেন।
কিন্তু তিন কিলোমিটার সড়কটিতে চৌমুহনী দিয়ে ঢোকার সময় কেবল কিছু পিচ ঢালাই দেখা গেছে। আর কোথাও পিচ ঢালাই নেই।
হালিশহরের বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নুরুল হায়াত বলেন, ‘আমি প্রতিদিন এই সড়ক ব্যবহার করে অফিসে যাওয়া-আসা করি। কিন্তু ভাঙা এই সড়ক বড় যন্ত্রণাদায়ক।’