
কার্পেটিং উঠে ইট-সুরকি বেরিয়ে এসেছে। স্থানে স্থানে বিশাল গর্ত। সে গর্তে জলকাদা জমে আছে। যানবাহন চলছে এঁকেবেঁকে। এ চিত্র সিলেট নগরের ভার্থখলা পুরাতন রেলস্টেশন সড়কের। কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি বেহাল অবস্থায় থাকলেও তা সংস্কারে নেই কোনো উদ্যোগ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ সড়কটির অর্ধেকেরও বেশি অংশ ভাঙাচোরা। আগের রাতের বৃষ্টিতে সড়কে সৃষ্টি হওয়া ছোট-বড় খানাখন্দগুলোতে পানি জমে আছে। রিকশা ও সিএনজি অটোরিকশার চাকা সেসব গর্তে পড়ে অনবরত পানি ও কাদা ছিটাচ্ছে এবং সেসব গিয়ে পড়ছে পথচারীদের ওপর।
পুরাতন রেলস্টেশন এলাকার বাসিন্দা ইসমাইল মিয়া বলেন, ‘প্রায় চার বছর ধরে সড়কটি ভাঙা অবস্থায় আছে। এতে এলাকাবাসী প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। রোগী ও বয়স্ক লোকদের এ সড়ক দিয়ে যানবাহনে চলার সময় ভোগান্তিতে পড়তে হয়।’ ভার্থখলা এলাকার বাসিন্দা কোহিনূর মিয়া বলেন, ‘দিনের পর দিন সড়কটি সংস্কারহীন থাকলেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ এটি সংস্কারে এগিয়ে আসছে না।’
সড়কের আশপাশের পাঁচজন বাসিন্দা বলেন, সড়কটির আশপাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। এর ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ এবং অসংখ্য যানবাহন চলাচল করে। ভাঙা সড়কের কথা বলে প্রায়ই রিকশাচালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন।
ভার্থখলা পুরাতন রেলস্টেশন সড়ক দিয়ে যাতায়াতরত এক রিকশাচালক বলেন, সড়কের গর্তে প্রায়ই চাকা পড়ে রিকশা উল্টে যায়। তাই ভাড়া একটু বেশি না পেলে কোনো চালকই এ সড়কে চালাতে চান না। শুভাশীষ দাশ নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক বলেন, সংস্কারের অভাবে সড়কের গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। এর ফলে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, নাগরিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ভার্থখলা পুরাতন রেলস্টেশন সড়কটি সংস্কারে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে। তবে বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পরই এ সংস্কারকাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।