ভাঙাচোরা রাস্তা আর দুর্গন্ধময় নর্দমা নিত্যসঙ্গী বাসিন্দাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্তানদের পড়ালেখার কথা ভেবে জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেটের একটি বাসা ভাড়া করে আছি ১০/১২ বছর ধরে। কিন্তু এই দীর্ঘ সময়ে হাউজিংয়ের ভেতরের কোনো রাস্তায় কখনো উন্নয়নকাজ হতে দেখিনি। প্রত্যেকটি রাস্তা ভাঙাচোরা আর গর্তে ভরা। গ্রামের কাঁচা রাস্তার চেয়েও অবস্থা খারাপ। রিকশায় চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও দায়। পৌরসভা নিয়মিত কর নিলেও রাস্তার উন্নয়নে যেন তাদের কোনো দায় নেই।’কথাগুলো নোয়াখালীর মাইজদী হাউজিং এস্টেটের বাসিন্দা রোমানা বেগমের। এ ক্ষোভ শুধু তাঁর নয়, তাঁর বুক ফেটে বেরিয়ে আসা এ ক্ষোভ ওই হাউজিংয়ে বসবাসকারী প্রায় পাঁচ হাজার বাসিন্দার। সেখানকার বাসিন্দারা সরকারি সব নিয়মনীতি মেনে ন্যায্য দাম পরিশোধ করে জায়গা কিনে বাড়ি নির্মাণ করেছেন। নিয়মিত কর দিচ্ছেন পৌরসভাকে। অথচ তাঁরা ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।সরেজমিনে ওই হাউজিং এলাকায় গিয়ে বাসিন্দাদের অভিযোগের সত্যতা মিলেছে। হাইজিংয়ের ভেতরের রাস্তাগুলোর কার্পেট উঠে গিয়ে সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বেশির ভাগ রাস্তায় কার্পেটের চিহ্নও এখন আর অবশিষ্ট নেই। রাস্তার পাশের পয়োনিষ্কাশন-ব্যবস্থাও বেহাল। ড্রেনগুলো ভরাট হয়ে গেছে সেই কবে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা-আবর্জনামিশ্রিত পানি উপচে রাস্তাগুলো কাদামাখা মেঠো পথ হয়ে যায়। নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় তা থেকে দুর্গন্ধ ছড়ায়। ড্রেনগুলোর দুরবস্থার কারণে চলতি শুষ্ক মৌসুমেও সেখানকার কয়েকটি রাস্তায় কাদা জমে আছে।মাইজদী হাউজিংয়ের সেন্ট্রাল রোডে ১০ বছর ধরে দোকান ব্যবসা করে আসা মো. জহির উদ্দিনের মতে, পৌরসভা কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে প্রতিবছর যে পরিমাণ কর আদায় করে, তা দিয়ে অনায়াসে সেখানকার রাস্তাঘাটের উন্নয়ন সম্ভব।১৮ নম্বর রোডের বাসিন্দা জামাল হোসেনের অভিযোগ, শুধু রাস্তাঘাটই নয়, হাউজিংয়ের নর্দমাগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না। পয়োনিষ্কাশন-ব্যবস্থা গড়ে তোলা হয়েছে অপরিকল্পিতভাবে। সড়কবাতিগুলো ঠিকমতো জ্বলে না। ফলে সন্ধ্যা নামলেই সেখানে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। জামাল হোসেনের প্রশ্ন, এসব দেখার দায়িত্ব কি কারোরই নেই?রিকশাচালক করিম বললেন, রাস্তার যে অবস্থা, তাতে হাউজিংয়ের ভেতরে কোনো ভাড়ায় আসতে তাঁর ইচ্ছা হয় না। বিশেষ করে, রাতে তিনি এ এলাকায় আসেন না। কারণ, অন্ধকারে চাকা কোনো গর্তে আটকে রিকশা নষ্ট হলে সারাতে অনেক টাকা লাগে। সেটা পুষিয়ে নিতে তাঁরা যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিতে বাধ্য হন।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নোয়াখালী কার্যালয় সূত্র জানিয়েছে, মাইজদী হাউজিং এস্টেটে মোট ৪৩৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে দুই-তৃতীয়াংশ প্লটে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু হয়েছে। বাকি জায়গাতেও বাড়ি নির্মাণের কাজ চলছে। প্লট বরাদ্দ দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জমির দাম, নামজারির খরচসহ সরকারি নিয়মানুযায়ী সব ফি নেওয়া হয়েছে। মালিকদের কাছে প্লটগুলো হস্তান্তরের আগে সরকারি ব্যবস্থাপনায় হাউজিংয়ের অভ্যন্তরীণ ৪০টি রাস্তা এবং ড্রেন নির্মাণ করে দেওয়া হয়। সেগুলো পরবর্তী সময়ে নষ্ট হয়ে গেলে তা সংস্কার ও পুনর্নির্মাণের দায়িত্ব পৌরসভার। কারণ পৌর কর্তৃপক্ষই সেখানকার বাসিন্দাদের কাছ থেকে লাখ লাখ টাকা কর আদায় করে থাকে।কার্যালয়ের সহকারী প্রকৌশলী মিজানুল হক প্রথম আলোকে বলেন, পরবর্তী হাউজিংয়ের রাস্তাঘাট সংস্কারের জন্য গৃহায়ণ কর্তৃপক্ষকে সরকারিভাবে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয় না। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষেরই সংস্কারের কাজগুলো করার কথা। কিন্তু তারা নিয়মিত কর আদায় করলেও নানা অজুহাতে উন্নয়নের কাজ করে না।হাউজিংয়ের ভেতরের পাঁচ কিলোমিটার রাস্তা এবং ১২ কিলোমিটার ড্রেনের অবস্থা মোটেও ভালো নয় স্বীকার করে নোয়াখালী পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার জানান, সেগুলোর মধ্যে সেন্ট্রাল রোডসহ কয়েকটি রাস্তার উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।পৌর মেয়র হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, অবকাঠামো উন্নয়নে প্রতিবছর সরকারের কাছ থেকে তাঁরা যে সামান্য পরিমাণ বরাদ্দ পান, তা দিয়ে কিছুই হয় না। তবে আইআইপি-২ প্রকল্পের আওতায় ওই হাউজিংয়ের রাস্তাঘাট ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা উন্নয়নের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, প্রতিবছর সেখান থেকে যে কর আদায় করা হয়, তা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতেই ফুরিয়ে যায়। ফলে উন্নয়নের জন্য কোনো টাকা অবশিষ্ট থাকে না।