ভাঙাচোরা রাস্তা জলাবদ্ধতা
রাজধানীর অভিজাত এলাকা বারিধারার পাশেই ১৭ নম্বর ওয়ার্ড। কিন্তু নাগরিক সুবিধার কথা বিবেচনায় নিলে, এ যেন আলোর পাশে অন্ধকার। সরু ও ভাঙাচোরা রাস্তা, ভঙ্গুর পয়োনিষ্কাশনব্যবস্থা আর জলাবদ্ধতায় নাকাল এ ওয়ার্ডের বাসিন্দারা। আর এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা।
খিলক্ষেত, জোয়ার সাহারা, কুড়িল ও নিকুঞ্জ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪০ জন। এর মধ্যে পুরুষ ৫৬ হাজার ৫৩১ জন, নারী ৪৭ হাজার ৮০৯ জন।
সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত জিন্নাত আলী, বিএনপি-সমর্থিত শাহীনুর আলম (মারফত), জাতীয় পার্টির মোহাম্মদ আলী শেখ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইসহাক মিঞা এবং নির্দলীয় প্রার্থী রাকিব আহসান, নুরুল ইসলাম ও শাহ আলম (চঞ্চল)।
ঢাকা উত্তরের অন্য ওয়ার্ডগুলোর তুলনায় এ ওয়ার্ডটি ঘনবসতিপূর্ণ। তবে নাগরিক সুযোগ-সুবিধার দিক দিয়ে বেশ পিছিয়ে। অলিপাড়ার বাসিন্দা কাজী আজিজুল হক বললেন, এমনিতেই এখানকার রাস্তাঘাটের অবস্থা ভালো নয়। মাঝেমধ্যে মেরামত করা হলেও অল্প কদিনের মধ্যে কোনো না কোনো সংস্থা এসে রাস্তা কেটে ফেলে যায়। ফলে সংস্কারকাজে অর্থ ব্যয় হলেও মানুষের ভোগান্তির শেষ হয় না।
এই ওয়ার্ডের জোয়ার সাহারা ও ক্ষিলখেত এলাকা ঘুরে দেখা যায়, এখানের রাস্তাগুলো বেশ সরু, তার পরও বেশির ভাগই ভাঙা। যানজট লেগেই থাকে।
এই প্রতিবেদকের সঙ্গে এই ওয়ার্ডের পাঁচজন কাউন্সিলর প্রার্থীর কথা হয়। তাঁদের প্রত্যেকেই ভাঙা ও সরু রাস্তা, জলাবদ্ধতা এবং ভঙ্গুর পয়োনিষ্কাশনব্যবস্থাকে এখানকার মূল সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চাচ্ছেন তাঁরা।
এঁদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জিন্নাত আলী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে রাস্তাঘাটের উন্নয়ন ও জলাবদ্ধতার নিরসনকে শুরুর দিকে রেখেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি সকলের পরামর্শে ও দলীয় হাইকমান্ডের সহায়তায় এলাকার এসব সমস্যা সমাধানের চেষ্টা করব।’
বিএনপির প্রার্থী আত্মগোপনে, অন্যরা মাঠে: এই ওয়ার্ডের জোয়ার সাহারা ও খিলক্ষেত এলাকায় দেখা যায়, দুই মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। আওয়ামী লীগ প্রার্থী জিন্নাত আলীসহ অন্যরা প্রচার-গণসংযোগে ব্যস্ত। তবে বিএনপি প্রার্থী শাহীনুর আলম নিজে প্রচারণায় অংশ নেন।
এ ওয়ার্ডের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ও পাড়ার দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার পর্যন্ত শাহীনুরকে কেউ প্রচারে দেখেননি। তাঁর নিয়মিত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। তবে তাঁর পক্ষে তাঁর কর্মীরা মাঠে সক্রিয় আছেন। খিলক্ষেতে তাঁর একটি নির্বাচনী কার্যালয়ে গিয়ে কর্মীদের অনুরোধ করলেও কেউ তাঁর বিকল্প ফোন নম্বর দিতে রাজি হননি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, শাহীনুর আলমের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা আছে। এর মধ্যে দুটি ২০০৯ সালের ডিসেম্বরে গুলশান থানায় এবং অপরটি চলতি বছরের জানুয়ারিতে খিলক্ষেত থানায় করা হয়েছে।
অবশ্য ভোটের মাঠ সরগরম হলেও সাধারণ ভোটাররা এখনই ভোট নিয়ে মুখ খুলতে রাজি নন। এ নিয়ে কথা হচ্ছিল জোয়ার সাহারা এলাকার প্রবীণ ব্যবসায়ী শাহীন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ভোটের বাতাস কোন দিকে তা আমরা ঠিক জানি না। সময় হোক, তখন দেখা যাবে।’