ভাঙাচোরা সড়ক, পানির সংকটে জীবন দুর্বিষহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় নাগরিক সেবা নেই বললেই চলে। অধিকাংশ সড়ক ভাঙাচোরা। গত পাঁচ বছরে পৌরসভাটিতে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি। ৮০ শতাংশ বাসিন্দাই পানি পায় না।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে এটি গঠিত হয়। লোকসংখ্যা ২৮ হাজার। মোট ভোটার ১৮ হাজার ৭৮৮ জন। পৌরসভার আয়তন ৯ দশমিক ২৯ বর্গকিলোমিটার। বর্তমান মেয়র পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন। এর আগে দুই মেয়াদে ১২ বছর মেয়র ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল। দ্বিতীয় শ্রেণির এ পৌরসভায় ৭৫ জন কর্মকর্তা-কর্মী থাকার কথা থাকলেও আছেন ২৮ জন।
শহরের দক্ষিণ বাজারের হামিদুল ইসলাম বলেন, এটা নামেমাত্র পৌরসভা। সুযোগ-সুবিধার বালাই নেই। তাই বাসিন্দারা সময়মতো কর দিতে চান না।
পৌরসচিব এ কে এম মোবাশ্বেরুল মঞ্জিল বলেন, শিগগিরই দুটি পানি সরবরাহ কেন্দ্র নির্মাণ করা হবে। এতে পাঁচ কিলোমিটার পানিসংযোগ দেওয়া হবে। বরাদ্দ না পেলে রাস্তা মেরামত করা সম্ভব নয়। রাজস্ব আদায়ের জন্য পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করা হলেও পৌরবাসী সময়মতো রাজস্ব দিতে চান না।
ভাঙাচোরা রাস্তা: পৌরসভার প্রকৌশল সূত্র জানায়, শহরে পাকা সড়ক আছে ৩০ কিলোমিটার। আধা পাকা ২৬ কিলোমিটার, কাঁচা সড়ক ১৭ কিলোমিটার। পাকা ও আধা পাকা সড়কের প্রায় ৮০ শতাংশই ভাঙাচোরা। সড়কগুলোর কার্পেটিং ও খোয়া উঠে খানাখন্দ হয়েছে।
খালভাঙ্গা এলাকার রুবেল মিয়া বলেন, দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী শহরে যাতায়াতে দুর্ভোগ পোহায়।
পয়োনিষ্কাশনব্যবস্থা: শহরে নয় কিলোমিটার পাকা পয়োনিষ্কাশনব্যবস্থা রয়েছে। কাঁচা পয়োনিষ্কাশনব্যবস্থা রয়েছে ১০ কিলোমিটার। প্রধান সড়কগুলোর পাশে পয়োনিষ্কাশনের নালাগুলো দোকানের নিচে থাকায় নিয়মিত পরিষ্কার করা হয় না। বর্ষাকালে সড়কগুলো সামান্য বৃষ্টিতে ডুবে যায়।
নালিতাবাড়ী বাজার এলাকার মাহবুবা নাহিদ বলেন, সামান্য বৃষ্টি হলে বাড়িতে পানি জমে থাকে। পানি বের হওয়ার ব্যবস্থা নেই। তাই প্রতিবছর বর্ষায় ভোগান্তিতে পড়তে হয়।
পানি নেই: তিনটি ওয়ার্ডে মাত্র ১ হাজার ১০০ গ্রাহক পানি পাচ্ছেন। এখনো ছয়টি ওয়ার্ডের বাসিন্দা পানি সরবরাহ থেকে বঞ্চিত। সরবরাহ করা পানিতেও প্রচুর আয়রন থাকায় সব কাজে তা ব্যবহার করা যায় না। পানি পেতে বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়।
ছিটপাড়া মহল্লার ইয়াছমিন আক্তার বলেন, ‘আমাদের এলাকায় পৌরসভার সরবরাহ করা পানি নেই।’