পুরান ঢাকার বেড়িবাঁধ সড়কটি (বাবুবাজার থেকে গাবতলী) সংস্কারের দাবিতে টানা আট দিন যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রেখেছিলেন পরিবহনমালিকেরা। কিন্তু সড়কটি এখনো সংস্কার করেনি কর্তৃপক্ষ। ফলে ঝুঁকি নিয়ে আবার ওই ভাঙাচোরা সড়কে যান চলাচল শুরু হয়েছে।
পরিবহনমালিকদের অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে সংস্কার না করায় সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে।
২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকে সড়কটিতে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার যান চলাচল আবার শুরু হয়।
সড়কটি মেরামত না করায় বৃষ্টি হলেই হাঁটুপানি জমে থাকে। আর অন্য সময় ওড়ে ধুলাবালি। এতে সারা বছরই এ পথে যারা চলাচল করে, তাদের ভীষণ দুর্ভোগে পড়তে হয়। এ ছাড়া বাদামতলী ফলের বাজার থেকে কিল্লার মোড় পর্যন্ত (প্রায় তিন কিলোমিটার) সড়কটির অবস্থা শোচনীয়।
সড়ক সংস্কার ছাড়া কেন আবার যান চলাচল শুরু করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে যানযাবিল পরিবহনের পরিচালক আনসার আলী বলেন, দাবি আদায়ে ব্রাদার্স, যানযাবিল বাস ও লেগুনা পরিবহনের মালিকেরা কিছুদিন ওই সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। পরে পরিবহনশ্রমিকদের অনুরোধে আবার যান চলাচল শুরু করতে হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সদরঘাট থেকে গাবতলী যাওয়ার বিকল্প পথ হিসেবে পরিচিত ছিল বেড়িবাঁধের সড়ক। কারণ, এ সড়কে সদরঘাট থেকে গাবতলী যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। আর রাজধানীর ভেতর দিয়ে যেতে সময় লাগে দেড় ঘণ্টা। এ ছাড়া পুরান ঢাকার শ্যামবাজার, বাদামতলী বাজার ও চকবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য এ পথে আনা-নেওয়া করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) আবুল কালাম মোহাম্মদ আযাদ প্রায় দেড় মাস আগে ‘কিছুদিনের মধ্যে সংস্কারকাজ শুরু হবে’ বলে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সংস্কারকাজ শুরু হয়নি। সম্প্রতি তিনি বদলি হয়েছেন। ওই পদে নতুন এসেছেন তানভীর আহমেদ। চেষ্টা করেও গতকাল তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।