ভাঙাচোরা সড়কে লক্ষাধিক মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সদর উপজেলার সুনামগঞ্জ-ডলুরা সড়কটি চার বছর ধরে ভাঙাচোরা। তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করে এ রাস্তা দিয়ে। অথচ সড়ক সংস্কারের জন্য বারবার দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর থেকে ডলুরা পর্যন্ত আট কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে। এ সড়ক দিয়ে সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের লোকজন চলাফেরা করে। জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এলাকায় একটি সীমান্তহাট ও একটি স্মৃতিসৌধ আছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সুরমা নদীর উত্তর পারের হালুয়ারঘাট থেকে মঙ্গলকাটা বাজার পর্যন্ত সড়কের বালু-পাথর উঠে এবড়োখেবড়ো হয়ে আছে। পৌর শহরের নবীনগর এলাকায় প্রায় এক কিলোমিটার অংশে সড়কজুড়ে বড় বড় গর্ত হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে কাদা-পানি জমে একাকার হয়ে যায়। তখন রাস্তায় হেঁটে চলা যায় না। সেখানে পানি জমে থাকে দিনের পর দিন। ভারী যান তো চলা দূরের কথা, রিকশা-ইজিবাইকও চলা কঠিন হয়ে পড়ে। অটোরিকশার চালক মনফর আলী বলেন, রাস্তার বেহাল দশার কারণে মানুষ অটোতে উঠতে চায় না।
এলাকার কয়েকজন জানান, এ সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার মানববন্ধন করেছেন তাঁরা। এদিকে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বেড়েছে। নবীনগর এলাকার আইনজীবী নুরে আলম সিদ্দিকী বলেন, এলাকাটি পৌরসভার ভেতরে পড়েছে। এলাকাবাসী পৌরসভা, এলজিইডি—সব জায়গাতেই যোগাযোগ করেছেন কিন্তু কোনো কাজ হয়নি। মঙ্গলকাটা এলাকার কলেজছাত্র ইলিয়াস উদ্দিন বলেন, শহর থেকে লোকজন ডলুরা এলাকায় শহীদ স্মৃতিসৌধ ও সীমান্তহাট দেখতে যান। সড়কের এ অবস্থা দেখে অনেকেই ক্ষুব্ধ হন।
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুছ সাত্তার বলেন, ‘এ সড়ক দিয়ে সুরমা নদীর উত্তর পারের প্রায় লক্ষাধিক মানুষ চলাফেরা করেন। চার বছর ধরে সড়কের এই বেহাল দশা। আমরা এলজিইডির কাছে বারবার বলেও কোনো লাভ হয়নি। মানুষের দুর্ভোগের বিষয়টি তারা আমলে নিচ্ছে না।’
এ ব্যাপারে সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কে কোনো সংস্কার না হওয়ায় এ অবস্থা হয়েছে। সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আগামী অর্থবছরে কাজ হবে।
সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘সড়ক সংস্কারের জন্য আমি দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’