নীলফামারীর ডোমার থেকে জলঢাকা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক দিনে দিনে সরু হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ওই পথে ঝুঁকির মধ্যে চলাচল করছে যানবাহন।
এলাকাবাসী সূত্র জানায়, প্রায় তিন বছর আগে সড়কটি মেরামত করা হয়। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় ওই পাকা সড়কের দুই ধারে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে দুই ধার ভাঙতে ভাঙতে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাথর ও বালুবাহী ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার এমন অবস্থা হয়েছে। ভাঙা রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, জলঢাকা উপজেলা শহর থেকে ডোমারের দিকে যেতে ভাদুরদরগা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বহু ছোটবড় গর্ত। অনেক স্থান ভাঙাচোরা। ভাদুরদরগা থেকে ডোমারের দিকে বোড়াগাড়ী পর্যন্ত বেশির ভাগ রাস্তারই অবস্থা নাজুক।
ট্রাকচালক রমজান আলী বলেন, এখন এ পথে অনেক ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে। ভাঙা রাস্তার কারণে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এখন একটু নিরাপদে রংপুর থেকে ডোমার যেতে চাইলে নীলফামারী হয়ে অতিরিক্ত প্রায় ৪০ কিলোমিটার ঘুরে যেতে হবে। এতে সময় ও জ্বালানি খরচ বাড়বে।
জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের ভুট্টা ব্যবসায়ী মীর মোনায়েম হোসেন বলেন, ‘রাস্তাটা দু-তিন বছর আগে সংস্কার করেছে। কিন্তু সংস্কার করার পর রাস্তার দুই ধারে মাটি ভরাট না করায় ভাঙন দেখা দেয়। এখন ভাঙা রাস্তার কারণে আমাদের ভুট্টা বাইরে পাঠাতে সমস্যা হয়। ট্রাক আসতে চায় না, আসলেও ভাড়া বেশি দিতে হয়।’
জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, এই সড়ক দিয়ে পঞ্চগড় থেকে ডোমার, জলঢাকা ও রংপুর হয়ে ঢাকায় গেলে পঞ্চগড় থেকে ঢাকার দূরত্ব কমপক্ষে ৪০ কিলোমিটার কমে যাবে। পঞ্চগড় থেকে ডোমার পর্যন্ত এবং জলঢাকা থেকে রংপুর পর্যন্ত প্রশস্ত রাস্তা আছে। শুধু ডোমার থেকে জলঢাকা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক প্রশস্ত ও মেরামত করলে ডোমার, ডিমলা ও জলঢাকার মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে পঞ্চগড়, দেবীগঞ্জ, ডোমার ও ডিমলার সঙ্গে ঢাকার দূরত্ব অনেকাংশে কমবে।
এ ব্যাপারে নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী বলেন, ওই সড়কের দুন্দীবাড়ির কাছে দেড় কিলোমিটার সড়কের সম্প্রসারণ ও সংস্কারকাজ চলছে। আরও সাড়ে ১২ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের জন্য পিএমপি প্রকল্পের (প্রিয়ডিক মেইনটেন্যান্স প্রজেক্ট) আওতায় নয় কোটি ৩৩ লাখ টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা আছে। সেটি অনুমোদন হলে ১২ ফুট চওড়া সড়কটিকে সম্প্রসারণ করে ১৮ ফুট করা হবে।
সড়ক সংস্কারের পর অল্প সময়ের মধ্যে নষ্ট হওয়ার কারণ সম্পর্কে তানভির সিদ্দিকী বলেন, ‘আমাদের এ সড়কের ভারবহন ক্ষমতা সাড়ে ১৫ মেট্রিক টন। অথচ ১০ চাকার ৪০ মেট্রিক টন মালবাহী গাড়ি চলাচল করছে। এ কারণে সড়কগুলো টিকছে না।’