ভাঙাচোরা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল
নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় লোহার কাঠামো দিয়ে নির্মিত কাঠের সেতুটির পাটাতন ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পৌর এলাকাসহ উপজেলার অন্তত ১২টি গ্রামের বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন।
লোহাগড়া পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার চোরাখালী এলাকায় নবগঙ্গা নদীর ওপর সেতুটি নির্মিত। এটি প্রথমে লোহাগড়া বাজার এলাকায় ছিল। পরে সেখানে পাকা সেতু নির্মাণ করা হলে সেতুটিকে সরিয়ে এখানে আনা হয়। এটি প্রায় ৪০০ ফুটের মতো লম্বা।
স্থানীয় লোকজন জানান, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতু পার হচ্ছে। দুই পাশের মাটি নিচে হওয়ায় সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, টেম্পো, অটোরিকশাসহ এ ধরনের যানবাহন উঁচু করে সেতুতে ওঠাতে হয়। তবে এখন এগুলো চলাচলের মতো অবস্থা নেই।
সরেজমিনে দেখা গেছে, পাটাতনের অধিকাংশ কাঠই ভেঙে গেছে। নিচের লোহার খুঁটি ও ফ্রেমের অবস্থা নড়বড়ে। মরিচা ধরে এর স্থায়িত্ব নেই বললেই চলে। সেতুতে ওঠার দুই পাশের মাটি অনেক নিচে নেমে গেছে।
কচুবাড়িয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, প্রতিদিন তাঁকে লোহাগড়া এবং এড়েন্দা বাজারে যেতে ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। ফাঁকা জায়গায় লাফিয়ে অথবা পাশের রেলিং ধরে কোনো রকমে পার হচ্ছেন।
লোহাগড়া পৌরসভার মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর বলেন, পুরো পাটাতন ভালোভাবে মেরামত করতে প্রায় ১০ লাখ টাকার দরকার। পৌরসভায় পর্যাপ্ত তহবিল নেই। তাই মেরামত করা সম্ভব হচ্ছে না।