ভাঙাচোরা সড়ক, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন বগী থেকে কচুয়া উপজেলার সাইনবোর্ড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের বেশির ভাগেই গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাঁচ বছর ধরে সংস্কার না করায় ভাঙাচোরা এ সড়কে যাতায়াত এবং পণ্য পরিবহনে মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।শরণখোলা-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়ক শরণখোলার সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র পথ। ২০ মার্চ সরেজমিনে দেখা গেছে, সাইনবোর্ড থেকে বগী পর্যন্ত সাড়ে ৫২ কিলোমিটার সড়কের বেশির ভাগই ক্ষতিগ্রস্ত। সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তার তুলাতলা, দৈবজ্ঞহাটি, আমতলা, পুলেরহাট মোড়, কলাবাড়িয়া, বলইবুনিয়া, কালিকাবাড়িয়ার অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। মোরেলগঞ্জ থেকে শরণখোলা অংশের ৩০ কিলোমিটার সড়কের চালরায়েন্দা, লাকুড়তলা, কদমতলা, রায়েন্দা পাঁচ রাস্তার মোড়, নলবুনিয়া, সিংবাড়ী, আমড়াগাছিয়া, পল্লীমঙ্গল, বাদশার মোড়ের বেশির ভাগ স্থানই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের ওপর দিয়ে চলাচলের সময় যানবাহন প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছে। যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত বুধবার এ সড়কের মোরেলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নুরুল আমিন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা নিহত ও অন্তত আট যাত্রী আহত হন।শরণখোলা-মোরেলগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বলেন, ‘সড়কের বিটুমিন ও পাথরের খোয়া উঠে বহু গর্ত তৈরি হয়েছে। আমরা মালিক সমিতির পক্ষ থেকে মাঝে মাঝে কিছু সংস্কার করলেও সওজ (সড়ক ও জনপথ বিভাগ) গত পাঁচ বছরে কোনো সংস্কারই করেনি।’ রায়েন্দার বাসচালক মো. জাকির বলেন, ‘ঝাঁকিতে ঝাঁকিতে সড়কের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায়। আর গাড়ি উল্টে যাওয়া, যন্ত্রাংশ নষ্ট হওয়া তো নিত্যদিনের ঘটনা।’ রায়েন্দা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের বাজারের অধিকাংশ পণ্যই খুলনা থেকে সড়কপথে আনতে হয়। রাস্তার এই অবস্থার কারণে কোনো পরিবহনই মালামাল নিয়ে এ পথে আসতে চায় না।’জানতে চাইলে সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী প্রথম আলোকে বলেন, ‘সড়কের ২৩ কিলোমিটার সংস্কারের জন্য ৪৩ কোটি টাকা ব্যয় ধরে দরপত্র গ্রহণ করেছি। এর দুই-তৃতীয়াংশের কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই বাকি অংশের কার্যাদেশ দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘বাকি প্রায় ৩০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য আরও ৫০ কোটি টাকার বেশি লাগবে। বরাদ্দ পেলে বাকি কাজও দ্রুত সম্পন্ন করার চেষ্টা করব।’