ভাঙাচোরা সড়কে চলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার একাধিক প্রধান সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কলেজ রোড ও খাসা এলাকার প্রধান সড়কে কার্পেটিং ও ইট-সুরকি উঠে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের। সেখানে বৃষ্টির পানি জমে ছোট পুকুরের আকার ধারণ করেছে। চালকেরা সামান্য অসাবধান হলেই তাঁদের যানবাহন এসব গর্তে উল্টে যায়। এ ছাড়া শহরের সুপাতলা, নিদনপুর, মেইনরোড, বাসস্ট্যান্ড, থানা রোড এলাকার সড়কগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক শহীদ নূর প্রথম আলোকে বলেন, শহরে অসংখ্য ভাঙাচোরা সড়ক থাকায় রিকশা চালাতে সমস্যা হয়। গর্তে পড়ে অনেক সময় রিকশার চাকা পাংচার হয়ে যায়। অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাসও প্রায়ই বিকল হয়ে পড়ে। দেড় থেকে দুই বছর ধরে সড়কগুলো এমন বাজে অবস্থায় আছে। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় পাঁচজন বাসিন্দা বলেন, ২০০১ সালে ১৮ দশমিক ১৭ বর্গকিলোমিটার আয়তনের বিয়ানীবাজার পৌরসভা গঠিত হলেও আইনি জটিলতায় সেখানে নির্বাচন হয়নি। তাই পৌর প্রশাসক দিয়েই চলছিল এর কার্যক্রম। এ অবস্থায় রাস্তাঘাট মাঝেমধ্যে সংস্কার হলেও পুনর্নির্মাণের খুব একটা উদ্যোগ নেওয়া হয়নি। ১৬ বছর পর গত সোমবার নির্বাচন হয়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী আবদুস শুকুর মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তাঁর কাছে এলাকাবাসীর প্রত্যাশা রাস্তাগুলো যেন দ্রুত পুনর্নির্মাণ করা হয়।
তাঁরা আরও বলেন, শুষ্ক মৌসুমে সারাক্ষণ ধুলাবালু উড়ত। এখন বৃষ্টি শুরু হওয়ায় এসব সড়কে সব সময় জল-কাদা লেগেই থাকে। এতে হাঁটতে গেলে জামাকাপড় ময়লা হয়। শিগগির সড়কগুলো সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
পৌরসভার প্রকৌশল শাখা জানিয়েছে, পৌরসভায় কমবেশি প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে ২০ কিলোমিটার করে প্রথম ও মধ্যম সারির এবং ১৫ কিলোমিটার তৃতীয় সারির। প্রথম ও মধ্যম সারির ৮০ শতাংশ রাস্তা পাকা। অন্যদিকে তৃতীয় সারির প্রায় অর্ধেক ইটের সলিং করা এবং বাকিটুকু কাঁচা।
তবে পৌরসভার উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, পৌরসভার নিজস্ব কোনো রাস্তা ভাঙাচোরা নেই। তবে কাঁচা অবস্থায় রয়েছে বেশ কিছু রাস্তা। আর পৌর শহরের ভেতরে যে কয়েক কিলোমিটার রাস্তা ভাঙাচোরা অবস্থায় আছে, সেগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং এলজিইডির অধীনে রয়েছে। সওজ ও এলজিইডি কর্তৃপক্ষকে সড়কগুলো সংস্কারের জন্য পৌরসভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সওজ বিভাগের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, ‘আমাদের অধীনে থাকা সড়কটি বর্ষা মৌসুমের পরপরই সংস্কার করা হবে।’
নবনির্বাচিত মেয়র আবদুস শুকুর বলেন, বর্ষা মৌসুম হওয়ার কারণে সড়কগুলো এখন আর পুনর্নির্মাণ করার সুযোগ নেই। তবে এখন দ্রুত ইট-বালু ফেলে তাৎক্ষণিক সংস্কার করা হবে। পরে বৃষ্টি কিছুটা কমলে সব কটি ভাঙাচোরা সড়ক পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে সড়কগুলো প্রশস্ত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।