ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরাস্তির চিতোষী-রামগঞ্জ সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি মোল্লার দরজা এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
শাহরাস্তির চিতোষী-রামগঞ্জ সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি মোল্লার দরজা এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে সড়কের কিছু অংশ ভেঙে পুকুর ও খালে পড়ে গেছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই দুরবস্থা চাঁদপুরের শাহরাস্তির চিতোষী-রামগঞ্জ সড়কের উঘারিয়া এলাকার মোল্লার দরজা থেকে পাঁচ কিলোমিটার অংশের। বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙাচোরা এই সড়কই কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র পথ।
সড়ক ও জনপথ (সওজ) চাঁদপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিতোষী-রামগঞ্জ সড়ক ২০০১ সালে পাকা করা হয়। এরপর আর সড়কটির সংস্কারকাজ হয়নি। চিতোষী বাজার থেকে পশ্চিম দিকে সড়কটি নরিংপুর বাজার হয়ে রামগঞ্জ সদরে যুক্ত হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি, কুমিল্লার মনোহরগঞ্জ ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার লাখো মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করে। এ সড়ক দিয়ে মানুষ চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে।
চিতোষী-রামগঞ্জ সড়ক দিয়ে ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। এর মধ্যে সড়কের উঘারিয়া এলাকার মোল্লার দরজা থেকে নরিংপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক ভাঙাচোরা।
উঘারিয়া উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুবিনা আক্তার অভিযোগ করে, ‘সড়ক ভাঙা থাকায় সব সময় ধুলাবালু উড়তে থাকে। সব সময় আমরা এ সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করি।’
১৪ এপ্রিল সরেজমিনে দেখা যায়, মোল্লার দরজা থেকে পশ্চিমে নরিংপুর বাজার পর্যন্ত পুরো সড়কের পিচঢালাই উঠে গেছে। বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। উঘারিয়া, মোল্লার দরজা, নরিংপুর এলাকাসহ একাধিক স্থান ভেঙে সড়কের কিছু অংশ পুকুরে অথবা খালে পড়ে গেছে।
চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জোবায়েদ কবির বলেন, দেড় যুগেও এই সড়কে সংস্কারকাজ হয়নি। সড়কটি সংস্কারের জন্য বারবার সওজের কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। তবে রামগঞ্জের অংশ যানবাহন চলাচলের উপযোগী।
এ বিষয়ে চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে জেলা পরিষদ থেকে চিতোষী-রামগঞ্জ সড়কটি সওজের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর এটি আর স্থায়ীভাবে মেরামত করা সম্ভব হয়নি। সড়কটি পুনর্নির্মাণের জন্য একটি গুচ্ছ প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।