ভাঙাচোরা সড়কে দেড় লক্ষাধিক মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
সুনামগঞ্জের ধরমপাশা-মধ্যনগর সড়কের গলুইখালী গ্রামের সামনের অংশ ভাঙাচোরা। এর ফলে যানবাহনের যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা-মধ্যনগর সড়কের গলুইখালী গ্রামের সামনের অংশ ভাঙাচোরা। এর ফলে যানবাহনের যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধরমপাশা-মধ্যনগর সড়কটির দূরত্ব ২০ কিলোমিটার। এর মধ্যে ১৭ কিলোমিটারই ভাঙাচোরা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এখানকার সাতটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সুনামগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধরমপাশা-মধ্যনগর সড়কটি উপজেলার প্রধান সড়ক। এত দিন এর সংস্কারকাজ হতো সওজের সুনামগঞ্জ কার্যালয়ের অধীনে। কিন্তু গত বছরের ১১ আগস্ট এটি নেত্রকোনা কার্যালয়ে হস্তান্তর করা হয়। বিকল্প না থাকায় এ সড়ক দিয়েই উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন, বংশীকুণ্ডা দক্ষিণ, চামরদানী, মধ্যনগর, পাইকুরাটি, সেলবরষ ও ধরমপাশা সদর ইউনিয়নের একাংশের মানুষকে উপজেলা সদরে আসা-যাওয়া করতে হয়। এ সড়ক দিয়ে ট্রাক, লেগুনা, অটোরিকশা, মোটরসাইকেল, ট্রলি, ঠেলাগাড়ি, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কটির ধরমপাশা থেকে গাছতলা পর্যন্ত ১০ কিলোমিটার অংশ আট বছর এবং গাছতলা থেকে মধ্যনগর পর্যন্ত বাকি অংশ চার বছর ধরে সংস্কার করা হয়নি। কোনো স্থানে সড়ক ভেঙে সরু হয়ে পড়েছে।
সম্প্রতি সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকসহ ১৫ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় যানবাহন চালাতে গিয়ে প্রতিদিনই কিছু না কিছু যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। প্রায় দুর্ঘটনা ঘটছে।
বাদশাগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, সড়কটি বেহাল হওয়ায় এ সড়ক দিয়ে মালবাহী কোনো যানবাহন এখন বাদশাগঞ্জ বাজারে আসতে চায় না। বছর খানেক আগেও পাশের মোহনগঞ্জ থেকে ট্রলিতে করে বাদশাগঞ্জ বাজারে পণ্য আনতে ভাড়া লাগত ৪০০ টাকা। আর এখন লাগে ৫০০ থেকে ৬০০ টাকা। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, সড়কটির অবস্থা নাজুক হওয়ায় একদিন উপজেলা সদরে গেলে যানবাহনের ঝাঁকুনিতে দুই দিন পর্যন্ত শরীরের ব্যথায় ভুগতে হয়। এখানকার রোগীদের ধরমপাশা হাসপাতালে নিতে গেলে যানবাহনের ঝাঁকুনিতেই রোগীর বারোটা বেজে যায়। সড়কটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
পাইকুরাটি ইউপির চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, ২০ কিলোমিটার সড়কের ১৭ কিলোমিটারই ভাঙাচোরা। ভেঙে সরু হয়ে যাওয়ায় সড়কটিতে দিন দিন দুর্ঘটনা বাড়ছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘ধরমপাশা-মধ্যনগর সড়কটি উপজেলার প্রধান সড়ক। এটি দ্রুত সংস্কার ও মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি।’
সওজ নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই সড়কের কাজ শুরু হবে বলে আশা করছি।’