ভাঙাচোরা সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কুমিল্লার কালীরবাজার–হরিপুর সড়ক বিভিন্ন স্থানে বিধ্বস্ত। ভাঙাচোরা এ সড়ক দিয়েই প্রতিদিন ভোগান্তি নিয়ে মানুষ যাতায়াত করে। ছবিটি গত রোববার আদর্শ সদর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
কুমিল্লার কালীরবাজার–হরিপুর সড়ক বিভিন্ন স্থানে বিধ্বস্ত। ভাঙাচোরা এ সড়ক দিয়েই প্রতিদিন ভোগান্তি নিয়ে মানুষ যাতায়াত করে। ছবিটি গত রোববার আদর্শ সদর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

কুমিল্লার কালীরবাজার-হরিপুর সড়ক। ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের এই সড়কের এক কিলোমিটার পড়েছে আদর্শ সদর উপজেলায়। আর ৩ দশমিক ৮ কিলোমিটার অংশ বরুড়া উপজেলায়। এ সড়কে সহস্রাধিক গর্ত রয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে পাকার চিহ্ন মুছে গেছে। ভাঙাচোরা রাস্তায় পণ্যবাহী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। আর যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় আট বছর যাবৎ এ সড়কে কোনো সংস্কার হয়নি। দুই উপজেলার গুরুত্বপূর্ণ ওই সড়ক এখন নামেই ‘পাকা’।

গত রোববার সকালে আদর্শ সদর উপজেলার কালীরবাজার থেকে বরুড়া উপজেলার হরিপুর পর্যন্ত ঘুরে দেখা গেছে, পুরো সড়কই ভাঙাচোরা। তার ওপর সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত। এমন দুরবস্থার মধ্য দিয়ে চলছে যাত্রীবাহী অটোরিকশা, ইজিবাইক, মালবাহী যানবাহন, ট্রাক, ট্রাক্টর, মাইক্রোবাস ও প্রাইভেট কার। সড়কের কালীরবাজার থেকে পশ্চিমে বল্লভপুর গ্রামের এক কিলোমিটার অংশে অন্তত ৩০০ গর্ত রয়েছে। বল্লভপুরের মফিজ উদ্দিনের বাড়ির সামনে গর্ত। একই গ্রামের চা-দোকানের মোড়ে রাস্তা ভাঙাচোরা। চা-দোকান থেকে সামনে গেলেই বিশাল এলাকাজুড়ে পিচ উঠে গেছে। এর পাশেই বরুড়ার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামের পুরো সড়কে পিচ নেই বললেই চলে। মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের খোয়া উঠে গেছে। আগানগর গ্রামের প্রবেশমুখ ও মসজিদের কাছে একই রকম অবস্থা। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার শিক্ষার্থী আশপাশের বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ে দুর্ভোগ নিয়ে যাতায়াত করে। হরিপুর এলাকায় রাস্তায় শতাধিক গর্ত রয়েছে।
আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম বলেন, ‘সড়ক ভাঙাচোরা হওয়ার কারণে এ বছর আমরা প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থী পাইনি। আগে আদর্শ সদর উপজেলার বহু শিক্ষার্থী আমাদের কলেজে ভর্তি হতো। এখন সড়ক খারাপ হওয়ার কারণে শিক্ষার্থী এই এলাকা থেকে কম আসছে।’ আগানগর গ্রামের তারিক আহমেদ ভূঁইয়া বলেন, সড়কের প্রস্থ খুবই কম। একসঙ্গে দুটি গাড়ি এক দিক থেকে আরেক দিকে যেতে পারছে না। এ সড়ক দিয়ে প্রতিদিন কৃষকেরা তাঁদের উৎপাদিত শাকসবজি বাজারে নিয়ে যান। সড়কটির পাশেই রয়েছে প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান। কুমিল্লা শহর থেকে বরুড়া উপজেলায় যেতে অনেকেই বিকল্প হিসেবে এ পথ ব্যবহার করেন। দীর্ঘদিনেও এটি সংস্কার না হওয়ায় ভোগান্তি সয়ে মানুষ গন্তব্যে যাচ্ছে।
বল্লভপুর এলাকার বাসিন্দা মিনুয়ারা বেগম বলেন, প্রায়ই এ সড়কে অটোরিকশা উল্টে পড়ে দুর্ঘটনা ঘটে। তরকারি ও বালুবাহী ট্রাক গর্তে পড়ে আটকে যায়।
বরুড়া উপজেলা প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, সাত-আট বছর যাবৎ সড়কটি সংস্কার করা হয়নি। সড়কের অবস্থা খুবই নাজুক। গত মঙ্গলবার সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কুমিল্লা কার্যালয়ে বৈঠক হয়েছে। বৈঠকে সড়ক সংস্কারের জন্য নতুন করে প্রকল্প নেওয়া হয়েছে।
আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসাইন বলেন, ‘অর্থ-সংকটের কারণে আমার অংশের এক কিলোমিটারের কাজ করা যাচ্ছে না। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।’ এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসীন বলেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় এত দিন এ সড়ক সংস্কার করা হয়নি। এখন বরুড়া অংশের কাজ শুরু করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়কই সংস্কার করা হবে।