ভাঙাচোরা সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সরিষাবাড়ী-তারাকান্দি-ঢাকা মহাসড়কের ছয় কিলোমিটারের বেশির ভাগ স্থানের পিচ উঠে গেছে। এ কারণে সড়কটিতে ছোট-বড় অনেক গর্ত তৈরি হয়েছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
ওই ছয় কিলোমিটার হলো যমুনা সার কারখানা থেকে জগন্নাথ পুরাতন ঘাট পর্যন্ত। এ অংশে সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে। ফলে যাত্রীবাহী বাস, ট্রাকসহ এখানকার মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ সড়ক। কারখানার পাশে সড়কটিতে গর্ত থাকায় যাতায়াতে যানবাহন ও এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার বলেন, সড়কটি মেরামত না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে। সারভর্তি ট্রাকসহ সব ধরনের যানবাহন এবং মানুষজনদের দুর্ভোগ বাড়ছে।
জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয় সূত্রে জানা যায়, তারাকান্দি-ঢাকা মহাসড়কের যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) কারখানার উত্তর পাশ থেকে শুরু করে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার অংশ দীর্ঘদিন সংস্কার করা হয় না। সড়কটি দিয়ে প্রতিদিন তিন শতাধিক সারভর্তি ট্রাকসহ দূরপাল্লার বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন উত্তরবঙ্গের ১৬টি জেলায় সারভর্তি ট্রাক যায়। সড়কটি ভাঙাচোরা থাকায় প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে যানজট।
সারভর্তি ট্রাকের চালক ছাহের পালোয়ান বলেন, এক বছর ধরে এ মহাসড়কের ছয় কিলোমিটার অংশে পিচ উঠে খাদের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। কখন যে কে উল্টে খাদে পড়ে, কেউ জানে না।
তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মাঝেমধ্যে রাস্তার গর্তে ইট ফেলে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়। কিন্তু তা বেশি দিন টেকে না। সড়কটি মেরামত করা হলে দুর্ঘটনা কমবে।
রুপালী ব্যাংকের যমুনা সার কারখানা শাখার ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, উপজেলা সদর থেকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে যাতায়াত করতে হয়। সড়কে গর্ত থাকায় প্রায়ই যানজটে পড়তে হয়।
জামালপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী খন্দকার শরীফুল আলম বলেন, ‘সড়কটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।’