ভাঙাচোরা সড়কে যান চলে ধীরগতিতে
>বেহাল সড়ক ৬৯
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

সিলেট সদর উপজেলার হাটখোলা ও জালালাবাদ ইউনিয়নের ৩৫টি গ্রাম এবং কোম্পানীগঞ্জ উপজেলার ১০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ চলাচল করে বাদাঘাট-শিবেরবাজার সড়ক দিয়ে। তিন কিলোমিটার দীর্ঘ এ সড়কে ছোট-বড় বহু গর্ত হয়েছে। ভাঙাচোরা সড়কে দুই বছর ধরে যান চলাচল করছে ধীরগতিতে। আর এর সুযোগ নিয়ে রাতের বেলায় যানবাহন থামিয়ে ছিনতাইকারীরা যাত্রীদের সর্বস্ব লুট করে নিচ্ছে।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কে কার্পেটিং ও পিচ উঠে ইটের খোয়া বেরিয়ে গেছে। স্থানে স্থানে কয়েক ফুট গভীর গর্ত দেখা যায়। কোথাও কোথাও সড়ক দেবে গেছে। দুই পাশে বালু-ইট সরে সড়কের প্রস্থ কমে গেছে। সারাক্ষণ সড়কজুড়ে ধুলা উড়ছে। যান চলছে অনেকটা এঁকেবেঁকে ঝুঁকি নিয়ে। একটু অসতর্ক হলেই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে সড়কের বাবুরাগাঁও, টেকারবাড়ি, সত্র, নোয়াপাড়া এলাকায় খানাখন্দ বেশি।
বেলা দেড়টার দিকে সড়কের সত্র এলাকায় পাঁচ যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার চাকা খুলে সড়কের পাশের গর্তে পড়ে যায়। তবে যাত্রীরা কোনোরকমে বেরিয়ে আসতে সক্ষম হন। ওই গাড়ির যাত্রী ছিল শাহ খুররম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নুরুল হক ও লায়েক আহমদ। তারা জানায়, প্রতিদিনই এভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা সড়ক দিয়ে কলেজে যাতায়াত করে। অটোরিকশার চালক আলী বাহার বলেন, প্রতিদিন পাঁচ থেকে ছয়টি যানবাহন এভাবে গর্তে পড়ে বিকল হয়।
সড়কের আশপাশের তিন গ্রামের ছয়জন বাসিন্দা জানিয়েছেন, সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আগে যেখানে ১৫ মিনিটের মধ্যে সড়কের সর্বশেষ অংশে পৌঁছানো যেত, এখন একই পরিমাণ দূরত্ব পাড়ি দিতে সময় লাগছে ৩৫ মিনিট।
এদিকে যানবাহন ধীরগতিতে চলায় রাতের বেলা সড়কটিতে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। তাঁরা বলেন, গত দুই মাসে সিএনজি অটোরিকশা থামিয়ে অন্তত ১৫ জন যাত্রীর সর্বস্ব লুট করে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এ সড়কের অটোরিকশার চালক মইনুল হাসান (২৮) বলেন, ভাঙাচোরা সড়কে ধীরগতিতে যানবাহন চলাচলের সুযোগ নিয়েছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাই ভয়ে সন্ধ্যার পর থেকে অনেক চালক এ সড়কে যান চালাতে অস্বীকৃতি জানান।
বাবুরাগাঁও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী গোলাম আহমদ (৬৫), কৃষিজীবী জফর উদ্দিন (৫৫) ও লন্ডনপ্রবাসী সাদিকুজ্জামান (৪০) বলেন, মহানগরের পাশের হওয়ায় সড়কটি সদর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। দিনের পর দিন ধরে এটি বেহাল অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। ছিনতাইয়ের ভয়ে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ায় এখানকার বাসিন্দারা সন্ধ্যার পর থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় থাকেন বলা যেতে পারে।
বাবুরাগাঁওয়ের মামুন আহমেদ এবার এইচএসসি পাস করে স্নাতক ভর্তি হবেন। তিনি বলেন, ভাঙাচোরা সড়ক মাড়িয়ে প্রতিদিন কলেজে যেতে হব—এটা ভাবতেই ভয় করছে। ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে অনেকে এখন গাড়ির বদলে হাঁটতেই পছন্দ করেন। তবে হাঁটায়ও প্রতিবন্ধকতা আছে। কারণ সড়কে সারাক্ষণ ধুলাবালু ওড়ে। কয়েক দিন আগে অটোরিকশায় চেপে যাওয়ার সময় রাতের বেলা এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন।
সড়কটি সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকায় পড়েছে। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন। তিনি বলেন, ছিনতাইকারীর উপদ্রব ঠেকাতে এ সড়কে সার্বক্ষণিক টহল পুলিশ থাকে। সন্ধ্যার পর থেকে সড়কটিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০১৩ সালের জুলাই মাসে সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়নকাজ হয়েছিল। এর বছর খানেক পরে সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়। তবে সড়কটির পুনঃসংস্কারের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম। তিনি প্রথম আলোকে বলেন, সড়কটি পুরোপুরি বিনষ্ট হয়েছে। এরই মধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্কারের কাজ দ্রুত শুরু হবে।