ভাঙাচোরা সড়কে যানবাহনে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মেরামতের কাজ চলছে। খানাখন্দে ভরা সড়কটি ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে। ছবিটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকা থেকে গত মঙ্গলবার তোলা l কামনাশীষ শেখর
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মেরামতের কাজ চলছে। খানাখন্দে ভরা সড়কটি ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে। ছবিটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকা থেকে গত মঙ্গলবার তোলা l কামনাশীষ শেখর

দেশের প্রধান মহাসড়কগুলো বেহাল। কোথাও সুরকি উঠে গেছে, কোথাও খানাখন্দ। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কোথাও চলছে ধীরগতিতে। সামনে ঈদ। যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে। এতে দুর্ভোগও বাড়বে

ঢাকা-রংপুর মহাসড়কের টাঙ্গাইলের বিভিন্ন অংশে অসংখ্য খানাখন্দ ও গর্ত থাকায় এ সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগ বেড়ে গেছে। যানবাহন চলছে ধীরগতিতে। কোথাও দেখা দিচ্ছে যানজট। মহাসড়কের সিরাজগঞ্জ অংশও বেহাল। ভাঙাচোরা থাকায় সড়কের হাটিকুমরুল থেকে রংপুর অংশেও যানবাহন চলছে ধীরগতিতে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজটের শঙ্কা

ঈদ সামনে রেখে এ সড়কে যানজটের আশঙ্কা করছেন এই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা। মহাসড়কের বিভিন্ন স্থানে এখনো খানাখন্দ রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মহাসড়ক সংস্কারের কাজ শেষ করতে পারেনি সড়ক বিভাগ। ৯ আগস্ট প্রথম আলোয় সড়কের এই দুরবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ওবায়দুল কাদের রাস্তাটি পরিদর্শনে এসে ৭-১০ দিনের মধ্যে সংস্কারের নির্দেশ দেন।

গত মঙ্গলবার এই মহাসড়কের মির্জাপুর, টাঙ্গাইল, এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে সংস্কারকাজ করতে দেখা যায়। সবচেয়ে খারাপ অবস্থা দেখা যায় টাঙ্গাইল শহর থেকে এলেঙ্গা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে। সড়কটির সদর উপজেলার বিক্রমহাটি ও রসুলপুর এলাকায় খানাখন্দে ভরা। টাঙ্গাইল সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলম বলেন, বৃষ্টির কারণে সংস্কারকাজ ব্যাহত হয়েছে। তাই তাঁরা মন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি।

এদিকে টাঙ্গাইলের মির্জাপুর সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানিয়েছেন, তাঁদের আওতায় মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের স্কয়ার থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার এলাকার ছোট-বড় গর্ত দ্রুততার সঙ্গে মেরামত করা হয়েছে। যা মোট কাজের ৯০ ভাগ। রাস্তা দেবে যাওয়া অংশগুলোর অবশিষ্ট কাজ বিটুমিনের মাধ্যমে দু-এক দিনের মধ্যে শেষ করা হবে।

সিরাজগঞ্জের সড়ক এখনো বেহাল

সরেজমিনে দেখা গেছে, শাহজাদপুর থেকে হাটিকুমরুল পর্যন্ত টেটিয়ার কান্দা, মশিপুর, তালগাছী, উল্লাপাড়া আর এস, শ্যামলীপাড়া, পূর্ণিমাগাতি, বোয়ালিয়া, পাটধারী, চরিয়া শিকার নামক স্থানে অসংখ্য খানাখন্দ। প্রতিদিন চার থেকে পাঁচটি যানবাহন সড়কের ওপর বিকল হয়ে পড়ে থাকছে।

শাহজাদপুর উপজেলার পরিবহন ব্যবসায়ী আইয়ূব আলী জানান, সওজ বিভাগ পরিকল্পিতভাবে কোনো কাজ করে না। যদি কর্তৃপক্ষ ভালোভাবে কাজ করত তাহলে এই খানাখন্দ হতো না। সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, যেসব স্থানে খানাখন্দ আছে, সেগুলো পর্যায়ক্রমে মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ শুরু হবে।

হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত সড়কে ধীরগতি

রংপুর যাওয়ার জন্য সোমবার বিকেল চারটায় কক্সবাজার থেকে রওনা হয়েছিলেন শ্যামলী পরিবহনের চালক গোলাম রব্বানী। মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় বগুড়ার মহাস্থান সেতু এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থেকে রংপুর পর্যন্ত প্রায় ১৪০ কিলোমিটার সড়কটির বেশির ভাগ এলাকায় অসংখ্য ভাঙাচোরা গর্ত ও খানাখন্দ। অন্য সময় হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত পৌঁছাতে সর্বোচ্চ তিন ঘণ্টা লাগত। এখন বেহাল সড়কে ধীরগতির কারণে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা। এর ওপর দুই সপ্তাহ ধরে মহাস্থানে করতোয়া সেতুতে ফাটল দেখা দেওয়ায় যানবাহন পারাপার হচ্ছে একমুখী।

সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, এখন মহাসড়কের যেসব জায়গায় যান চলাচল ব্যাহত হচ্ছে, সেসব জায়গায় সওজের নিজস্ব লোকবল দিয়ে জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। বর্ষা চলে গেলে সংস্কারকাজ পুরোদমে করা হবে।

 মহাসড়কের গাইবান্ধা অংশ গর্তে ভরা

ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ পড়েছে গাইবান্ধা জেলার সীমানায়। গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত বিস্তৃত এই মহাসড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাসার বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই মহাসড়কে ৩২টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও মির্জাপুর প্রতিনিধি]