ভাঙার জন্য আরও দুটি পুরোনো জাহাজ ভেড়ানো হলো ইয়ার্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙার জন্য আমদানি করা দুটি পুরোনো জাহাজ (স্ক্র্যাপ) সীতাকুণ্ড উপকূলের ইয়ার্ডে ভেড়ানো (বিচিং) হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার জাহাজ দুটি ভেড়ানো হয়।জাহাজভাঙা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) পরামর্শক ক্যাপ্টেন আনাম চৌধুরী ইয়ার্ড-মালিকের পক্ষে জাহাজ দুটি ইয়ার্ডে নিয়ে যান। আরও দুটি স্ক্র্যাপ জাহাজ ইয়ার্ডে ভেড়ানোর অপেক্ষায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আছে বলে জানা গেছে।বিচারপতি এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি শেখ মো. জাকির হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ১৯ জানুয়ারি শুনানি শেষে কিছু শর্তসাপেক্ষে জাহাজগুলোকে বহির্নোঙর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। আদালতের দেওয়া শর্তের অন্যতম ছিল স্বল্প সময়ের নোটিশে ফেরত পাঠানো যায়, এমন একটি জায়গায় জাহাজ রাখতে হবে।ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, যেখানে ওই জাহাজ দুটি ভেড়ানো হয়েছে, সেখান থেকে জাহাজ ফেরত নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ জাহাজ দুটি ওই জায়গা থেকে নামানো হলে সেগুলো সাগরে বিপজ্জনকভাবে ভাসতে থাকবে, যা চট্টগ্রাম বন্দরে আসা অন্য জাহাজকে ধাক্কা দিয়ে বড় বিপদ ঘটাতে পারে।বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, বহির্নোঙরের ব্র্যাভো অ্যাংকারেজ থেকে এমভি বুটেট নামের স্ক্র্যাপ জাহাজ গতকাল দুপুর একটায় ইয়ার্ডে নেওয়া হয়। বুধবার দুপুরে অপর জাহাজ এমভি এমএসসি কারোল ভাঙার জন্য ইয়ার্ডে নেওয়া হয়। দুটি জাহাজ ভেড়ানো হয়েছে কুমিরার বিবিসি স্টিল নামের ইয়ার্ডে। এ বিষয়ে বক্তব্য জানতে বারবার যোগাযোগ করা হলেও ওই ইয়ার্ডের মালিক এম এ কাশেম মুঠোফোন ধরেননি।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘জাহাজ বিচিংয়ের সময় আমাদের জানানোর কথা ছিল। কিন্তু সেটা করা হয়নি। আদালতের নির্দেশনা মতো জাহাজ দুটি কোন জায়গায় রাখা আছে, তা সরেজমিনে দেখে এসে আমরা একটি প্রতিবেদন তৈরি করব।’চেম্বার সভাপতির বিবৃতি: চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গতকাল এক বিবৃতিতে বলেন, চেম্বারের আয়োজনে ২৯ জানুয়ারি ‘পরিবেশ সংরক্ষণে শিল্পমালিক ও ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে পরিবেশ প্রতিমন্ত্রী কারও প্রতি পক্ষপাত কিংবা কটাক্ষ করে কোনো বক্তব্য দেননি। পুরোনো জাহাজ আমদানি ও ভাঙার ক্ষেত্রে যাতে পরিবেশ ও প্রতিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, সে লক্ষ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয় বাস্তবমুখী নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নে তৎপর রয়েছে।প্রকাশিত সংবাদের প্রতিবাদ: বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘নিয়ম না মেনে পুরোনো জাহাজ আসছে, ভাঙাও চলছে’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া গত এক মাসে ৩০টি জাহাজ আমদানির যে কথা বলা হয়েছে, তা মোটেই সত্য নয়। অধিদপ্তরের ছাড়পত্রসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জাহাজ আমদানি করা হয়েছে। এ ছাড়া সমপ্রতি চারটি জাহাজও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমদানি করা হয়েছে।