দেশে ভাঙার জন্য আমদানি করতে সব জাহাজের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিকেলে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদেশে আদালত বলেন, ‘শুধু গ্রিনপিসভুক্ত জাহাজের ক্ষেত্রে নয়, এ আদেশটি সব জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। আইনগত বাধ্যবাধকতা মেনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া সাপেক্ষে জাহাজ আমদানির ক্ষেত্রে সমুদ্র অধিদপ্তরের মহাপরিচালককে অনাপত্তিপত্র (এনওসি) দিতে বলা হলো।’ এর আগে হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দেওয়ায় অধিদপ্তরের সহকারী রসায়নবিদ ফৌজিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। উল্লেখ্য, গত বছরের ৫ ও ১৭ মার্চ হাইকোর্টের এক রায়ে জাহাজ ভাঙার বিষয়ে নয় দফা নির্দেশনা দেওয়া হয়। এতে বাংলাদেশে আনার আগেই আমদানি করা জাহাজের প্রি-ক্লিনিং ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের রায় বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—তা জানতে চেয়ে বেলার আবেদনের শুনানি শেষে গতকাল আদালত এই আদেশ দেন। দখলদার উচ্ছেদে বেলার আইনি নোটিশ: ঢাকাসংলগ্ন কালীগঙ্গা, বংশী, ধলেশ্বরী ও খুলনার কাজীবাছা/ময়ূর নদী দূষণমুক্ত, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও প্রকৃত সীমানা নির্ধারণের দাবি জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠিয়েছে বেলা। ভূমি, পরিবেশ ও বন, পানিসম্পদ, মত্স্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, অর্থ ও পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতি এ নোটিশ পাঠানো হয় গত সোমবার।নোটিশে বলা হয়, কালীগঙ্গা, বংশী ও ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলা, নদীগুলোতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, ভরাট ও পাড় দখল করে ইটখোলা, শ্মশানঘাট, কিন্ডারগার্টেন স্কুল ও বিভিন্ন আবাসিক ভবন নির্মাণ করায় নদীগুলো নাব্যতা হারাচ্ছে। খুলনার বিষয়ে নোটিশে বলা হয়, বটিয়াঘাটা উপজেলার ‘খুলনা শহররক্ষা বাঁধ’ ও স্লুইসগেট নির্মাণ এবং স্লুইসগেটের অব্যবস্থাপনা, কাজীবাছা নদী অবৈধভাবে দখল করে মাছের ঘের, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা নির্মাণ এবং শুষ্ক মৌসুমে ধানচাষ করার ফলে নদী নাব্যতা হারাচ্ছে।