বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙতে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বরাবর একটি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তা না হলে রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজউক চেয়ারম্যান বরাবরে ডাকযোগে ওই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।
নোটিশে বলা হয়, গত বছরের ২ জুন আপিল বিভাগ বিজিএমইএর আপিল খারিজ করে নির্দেশনা দেন যে, রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে বিজিএমইএ কর্তৃপক্ষ নিজেরাই ভবন ভেঙে ফেলবে, তা না করলে রাজউককে নির্দেশনা দেওয়া হয় ভেঙে ফেলার পদক্ষেপ নিতে। ওই রায়ের কপি পাওয়ার ৯০ দিনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। এ সত্ত্বেও বিজিএমইএ ভবন ভেঙে ফেলার জন্য রাজউক চেয়ারম্যান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। এই কার্যক্রম আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা ও রায় অমান্য করার শামিল, যা আদালত অবমাননার পর্যায়ে পড়ে। এ পরিস্থিতিতে সাত দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙার পদক্ষেপ গ্রহণ করে এই আইনজীবীকে অবহিত করতে রাজউক চেয়ারম্যানকে বলা হয়েছে। তা না হলে রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।
এদিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যালয় অন্যত্র সরাতে তিন বছর সময় চেয়ে বিজিএমইএ কর্তৃপক্ষের করা আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য রয়েছে।