ভাঙার সময় ঘনিয়ে এলেও ছাড়ার প্রস্তুতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিলে বিজি​​এম​ইএ  ভবন l প্রথম আলো
হাতিরঝিলে বিজি​​এম​ইএ ভবন l প্রথম আলো

আদালতের রায় অনুসারে হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত ১৬তলা বিজিএমইএ ভবনটি ভাঙার আর মাত্র দুই সপ্তাহ বাকি। কিন্তু এখন পর্যন্ত ভবনটি ছেড়ে যাওয়ার কোনো প্রস্তুতি নেই তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর।

নতুন ভবন নির্মাণের জন্য উত্তরায় ১১০ কাঠা (সাড়ে পাঁচ বিঘা) জমি বরাদ্দ দেওয়া হয়েছে সংগঠনটিকে। তবে এখনো সেখানে ভবন নির্মাণের কাজ শুরু হয়নি। সংগঠনটি হাতিরঝিলের ভবনটি ছাড়তে আদালতের কাছে আরও ছয় মাস সময় বাড়ানোর আবেদন করেছে।

এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ভবনটি ভাঙার বিষয়ে তারা প্রস্তুত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান গত রোববার প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সহায়তায় সময়মতোই ভাঙার কাজে হাত দেওয়া হবে। আদালতের নির্দেশ অনুসারে ভাঙার খরচ বিজিএমইএকেই বহন করতে হবে।

গত ৫ মার্চ বিজিএমইএ ভবনের বিষয়ে রিভিউ আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। কার্যালয় সরিয়ে নিতে বিজিএমইএ তিন বছর সময় চাইলে ১২ মার্চ আদালত ছয় মাসের মধ্যে ভবন ভাঙতে রাজউককে নির্দেশ দেন।

 নিয়ন্ত্রিত বিনাশ পদ্ধতি

রাজউক সিদ্ধান্ত নিয়েছে, প্রচলিত পদ্ধতিতে ভবনের দেয়াল ও কংক্রিট হাতুড়ি-শাবল দিয়ে পিটিয়ে ভাঙা হবে না। তারা বিস্ফোরক দিয়ে ‘কনট্রোলড ডিমোলিশন’ (নিয়ন্ত্রিত বিনাশ) পদ্ধতিতে ভবনটি ভাঙার উদ্যোগ নেবে। এই পদ্ধতিতে ভবনের বিভিন্ন জায়গায় বিস্ফোরক বসিয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে এক মিনিটের মধ্যেই ভবনটি ভাঙা বা ধসানো যায়।

রাজউক সূত্র বলেছে, এই পদ্ধতিতে ভবনটি ভাঙতে গেলে বেশ কিছু সমস্যা হতে পারে। পাশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও পাঁচতারা সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেল। রয়েছে ব্যস্ততম কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজার এবং নিউ ইস্কাটন এলাকা। ভাঙার পর চারদিক ধুলায়িত হয়ে যাবে। এর পরিবেশগত প্রভাব নিরুপণে সোনাবাহিনীর সহায়তায় বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছে। এই পদ্ধতিতে ভাঙার বিষয়ে বিদেশি একটি সংস্থার সঙ্গে আগেই আলোচনা হয়েছে বলে রাজউক জানায়। ওই সংস্থার সাহায্যে সেনাবাহিনী ভাঙার কাজটি করবে। বিজিএমইএর কাছে ভবনের নকশা চাওয়া হয়েছে।

 উত্তরায় সাড়ে পাঁচ বিঘা জমি

বিজিএমইএর প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য রাজউকের উত্তরা তৃতীয় প্রকল্পের ১৭-এ-১ নম্বর সেক্টরে সাড়ে পাঁচ বিঘার সম্পূর্ণ তৈরি দুটি প্লট দেওয়া হয়েছে। যে দুটি প্লট বরাদ্দ হয়েছে, সেগুলো ৬ নম্বর অ্যাভিনিউর লেক ড্রাইভ সড়কের ৭ ও ৭-এতে। উত্তরায় প্রাতিষ্ঠানিক প্লটের প্রতি কাঠার দাম ২০ লাখ টাকা। সে হিসেবে ১১০ কাঠা বা সাড়ে পাঁচ বিঘার দাম ২২ কোটি টাকা।

জানা গেছে, বিজিএমইএ প্লটের দাম ৫০ শতাংশ কমানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন জানালে তা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে আবার পাঠানো হয় রাজউকে।

জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান বলেন, ‘মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি চিঠি আমরা পেয়েছি। তবে বুঝতে হবে, উত্তরায় রাজউকের নিজস্ব টাকায় জমি কিনে উন্নয়ন করা হয়েছে। এ ধরনের বিষয়ে রাজউকের কোনো বিধিবিধানও নেই।’

 বিজিএমইএ আবারও সময় চেয়েছে

হাতিরঝিলের বিজিএমইএ ভবন ছাড়তে ইতিমধ্যে উচ্চ আদালতে সময় চেয়ে আবেদন করেছে সংগঠনটি। বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গত সোমাবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা সময় বাড়ানোর জন্য ২৩ আগস্ট আদালতে আবেদন জানিয়েছি।’

বিজিএমইএর তিনজন নেতা জানান, উত্তরায় নতুন জমিতে পাশাপাশি দুটি ভবন নির্মাণের পরিকল্পনা করছেন তাঁরা। সেখানে বেসমেন্টসহ সাততলা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে নকশা চূড়ান্ত করা হয়েছে। মাটি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে নিবন্ধন ও নকশা অনুমোদন না হওয়ায় ভবনের পাইলিংয়ের কাজ শুরু হয়নি। হাতিরঝিলের ভবনে যেসব প্রতিষ্ঠানের কার্যালয় আছে, তাদের এখনো লিখিতভাবে ভবন ছেড়ে দেওয়ার কথা জানায়নি বিজিএমইএ কর্তৃপক্ষ।

বিজিএমইএর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সময় চেয়ে আবেদন করলে আদালতে তা মঞ্জুর হবে বলে আশা করছেন তাঁরা। এ ছাড়া ভাড়া ভবনে বিজিএমইএ স্থানান্তর হবে না—নেতাদের এমন মনোভাবের কারণে এখনই কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘রাজউকের কাছ থেকে নতুন জায়গার সংশোধিত বরাদ্দপত্র আমরা পেয়েছি। নকশা ও মাটি পরীক্ষাও হয়েছে। এসব অগ্রগতি দেখিয়ে আদালতের কাছে ভবন ছাড়তে ছয় মাস সময় চেয়েছি।’