ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে কর্মচারী নিহত, দগ্ধ তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারের পাশে গত মঙ্গলবার গভীর রাতে একটি ভাঙারি দোকানে আগুন লেগে এক কর্মচারী নিহত এবং অপর তিনজন দগ্ধ হয়েছেন। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (২৫)।
দগ্ধ কর্মচারী মেহেদী হাসান (২৫), ইয়ামিন হোসেন (২৫) ও সোহাগ মিয়াকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, মেহেদি ও সোহাগ মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
ভাঙারি দোকানের কর্মচারী আল আমিন বলেন, ভাঙারির দোকানটির মালিক নার্গিস আক্তার। সেখানে পুরোনো লোহালক্কড় ও প্লাস্টিকের সামগ্রী কিনে পরে তা বিক্রি করা হয়। মঙ্গলবার রাতে আমজাদ, ইয়ামিন হোসেন ও সোহাগ মিয়া দোকানের ভেতর ঘুমালেও তিনি রাতে মালিকের বাড়িতে ছিলেন। গভীর রাতে দোকানে হঠাৎ করে আগুন লাগলে তাঁরা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দগ্ধ ব্যক্তিদের রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত তিনটার দিকে আমজাদ মারা যান। মেহেদীর শরীরের ৩২ ভাগ, সোহাগের ৩০ ও ইয়ামিনের শরীরের ১২ ভাগ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, রাত পৌনে দুইটার দিকে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে পলাশী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগুনে দোকানটি পুড়ে গেছে।
আমজাদ হোসেনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর লাশ নিতে আসেননি স্বজনেরা। তাঁর বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।