ভাঙারির দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের পর আগুন লেগেছে। এতে ওই দোকানের মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ তিনজন হলেন দোকানের মালিক মো. আলম (৩৩), কর্মচারী আনোয়ার হোসেন (২২) ও মমিন (২০)। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে মান্ডা এলাকার আফরোজা এন্টারপ্রাইজ নামের একটি ভাঙারি দোকান এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সেন্টের শিশিসহ বিভিন্ন মালামাল হাইড্রলিক মেশিনের মাধ্যমে চ্যাপ্টা করার কাজ করছিলাম। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে দোকানে আগুন লেগে যায়। মেশিনের সঙ্গে থাকা তেলের পাইপে লিকেজ থাকায় হয়তো এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’
বার্ন ইউনিটের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, দগ্ধ তিনজনের কাউকে শঙ্কামুক্ত বলা যাবে না। তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলমের ৫৭ শতাংশ, আনোয়ারের ৩০ শতাংশ ও মমিনের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। এঁদের মধ্যে আলম ও আনোয়ারের অবস্থা গুরুতর।