ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদককে বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্তবিরোধী অবস্থানের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সিকে (৩৯) দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহিদ মুন্সি ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গি সদরদী এলাকার বাসিন্দা। গত ১২ মার্চ ভাঙ্গা উপজেলার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। ওই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন জাহিদ মুন্সি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফায়াদ বিন ওয়াজেদ ফাইন প্রথম আলোকে জানান, জাহিদ মুন্সি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলীয় সিদ্ধান্তবিরোধী কাজ করছেন। তিনি ওই এলাকায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীকে বাদ দিয়ে বর্তমান স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমানের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করছিলেন। এ কারণে ২ জুলাই তাঁকে কারণ দর্শানো হয়। তিনি এর জবাবও দেন। তবে সেই জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
অভিযোগ প্রসঙ্গে জাহিদ মুন্সি বলেন, তিনি সংগঠনের শৃঙ্খলাবিরোধী কোনো কাজ করেননি। গত রমজান মাসে তিনি স্বতন্ত্র সাংসদের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাত্র। এ ছাড়া স্বতন্ত্র ওই সাংসদের সঙ্গে তাঁর দেখাও হয়নি।