ভাঙ্গা ও গোয়ালন্দে দুটি লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী সেতুর নিচের ডোবা থেকে গত শনিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মহিদাপুর এলাকা থেকে গতকাল রোববার এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা থানার পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির (৩৫) লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির গলায় গামছা পেঁচানো ছিল। তাঁর পরনে ছিল প্রিন্টের লুঙ্গি ও চেক শার্ট। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার মহিদাপুর এলাকা থেকে আমেনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। আমেনা খাতুন কৃষক আবু তালেবের স্ত্রী। ওই থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, রোববার সকালে আমেনা খাতুনের বড় ভাই আবদুল মালেক এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। পুলিশ দুপুরের দিকে আবু তালেবের বাড়ির উঠান থেকে আমেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।