ভাঙ্গা বাজারের ৪১টি ব্যবসাপ্রতিষ্ঠান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা বাজারে আগুনে বিভিন্ন ধরনের ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এর ফলে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভাঙ্গা বাজার এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের কার্যক্রম শুরুর দাবিতে মিছিল করেন। তাঁরা ৪০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন। ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন ঢালি জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে ভাঙ্গা বাজারের প্রবেশপথের পূর্ব পাশের গলির বাঁধন কালেকশন রেডিমেন্ট গার্মেন্টস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১২টার দিকে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও রাজৈর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানো শুরু করে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে বিভিন্ন ধরনের ৪১টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে সরোয়ার ভূঁইয়ার হার্ডওয়ারের দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পুলিশের হিসাবে তাঁর ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। ভাঙ্গা থানার হিসাবে ক্ষতির পরিমাণ চার কোটি ৫৮ লাখ টাকা। দমকল বাহিনীর মতে, পুড়ে গেছে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ। তবে ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল হকের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। আগুন লাগার কারণটি রহস্যজনক মনে করছেন ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বাজারের ব্যবসায়ী আকরাম হোসেনের দাবি, বাজারের জায়গা দখল করার জন্য একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বাজারে আগুন লাগিয়েছে। ফরিদপুর দমকল বাহিনীর ঊর্ধ্বতন স্টেশন ব্যবস্থাপক এনায়েত হোসেন বলেন, ওই বাজারে আগুন লাগার ১৫ মিনিট আগে থেকেই বিদ্যুৎ ছিল না। চালু ছিল না কোনো জেনারেটর। তাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, এ কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না।