ভাঙ্গায় এবার বিএনপির অপর অংশের সম্মেলন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির একাংশের সম্মেলনের পর গতকাল সোমবার অপর অংশের সম্মেলন হয়েছে। এ সম্মেলনে ‘ভাঙ্গা উপজেলা বিএনপি’ নামে নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌরসভার বাইশাখালী মহল্লার একটি মাঠে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই সম্মেলন হয়। এ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক-সমর্থিত অংশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জহিরুল হক।
সম্মেলন শেষে বিকেলে খন্দকার ইকবাল হোসেনকে সভাপতি, মুন্সী হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও আইয়ুব মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জহুরুল হক।
এর আগে ২২ অক্টোবর চৌধুরী কামাল ইবনে ইউসুফ-সমর্থিত উপজেলা বিএনপির একাংশের সম্মেলন হয়। ওই সম্মেলনে জেড এম দেলোয়ার হোসেনকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।