ভাঙ্গায় তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
ফরিদপুরের ভাঙ্গায় তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত শনিবার থানায় একটি মামলা হয়েছে।
ওই তিন শিশু ঘেরুয়া ইউনিয়নের একই গ্রাম ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের দুজনের বয়স আট বছর ও একজনের বয়স সাত বছর। এ ঘটনায় শনিবার রাতে এক শিক্ষার্থীর বাবা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট দুপুরে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ওই তিন শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে গ্রামের আরিফ শেখ (১৮), শরীফ শেখ (২২) ও উত্তম সরকার (২০) তাদের পথ রোধ করে জোর করে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনাটি তারা বাড়ি এসে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য সালিস বৈঠকের মাধ্যমে বিচারের আশ্বাস দেন। কিন্তু পরে তাঁরা সালিসের নামে টালবাহানা শুরু করেন।
ঘারুয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হায়দার হোসেনের মুঠোফোন নম্বরে গতকাল রোববার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।