ভাঙ্গায় পৌনে দুই ঘণ্টা পর পিএসসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নির্দিষ্ট সময়ের পৌনে দুই ঘণ্টা পর শুরু হয়েছে। ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন ও সহকারী শিক্ষক নূর আলমের গাফিলতিতে পরীক্ষার্থীদের এই বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ তাঁদের আটক করেছে।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান এই ঘটনা তদন্তে গতকালই ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুর রশিদকে আহ্বায়ক এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করেছেন।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) সময়সূচি অনুযায়ী বেলা ১১টা থেকে উপজেলার ১৫টি কেন্দ্রে ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু প্রশ্নপত্র সরবরাহ না করায় ওই সময় পরীক্ষা শুরু করা যায়নি। এতে পাঁচ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানার মালখানায় সদ্যসমাপ্ত হওয়া জেএসসি পরীক্ষার উত্তরপত্র ও অন্যান্য কাগজপত্রের নয়টি ও পিএসসি পরীক্ষার প্রশ্নপত্রভর্তি পাঁচটি ট্রাঙ্ক ছিল। জেএসসি পরীক্ষার কেন্দ্রসচিব ছিলেন ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন। গত শনিবার জেএসসির নয়টি ট্রাঙ্ক ঢাকায় পাঠানোর কথা ছিল তাঁর। কিন্তু তিনি অসুস্থ থাকায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলম সেগুলো ঢাকায় পাঠানোর জন্য ওই দিন থানায় আসেন। নূর আলম ভুলবশত ওই নয়টি ট্রাঙ্কের সঙ্গে পিএসসির প্রশ্নপত্রের একটি ট্রাঙ্ক ঢাকায় পাঠিয়ে দেন। ওই ট্রাঙ্ক ইংরেজি বিষয়ের পাঁচ হাজার প্রশ্নপত্র ছিল।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম পিএসসির প্রশ্নপত্র নিতে থানায় এলে বিষয়টি ধরা পড়ে। এই সময় তিনি অন্য একটি ট্রাঙ্কে ইংরেজি বিষয়ের ৪০০টি প্রশ্নপত্র পান। পরে তিনি ওই প্রশ্নপত্রগুলোর ফটোকপি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী আসাদুজ্জামান কবির বলেন, ‘আমাদের পিএসসি প্রশ্নপত্রের একটি ট্রাঙ্ক ভুলে ঢাকা চলে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে আমরা নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু করতে পারিনি। প্রশ্নপত্র ম্যানেজ করে এক ঘণ্টা ৪৫ মিনিট পর পরীক্ষা নেওয়া হয়েছে।’
এডিএম আব্দুর রশিদ জানান, তদন্তে জেএসসি পরীক্ষার কেন্দ্রসচিব হায়দার হোসেন ও ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলমের দায়িত্বের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আজ সোমবার প্রতিবেদন জমা দেওয়া হবে। ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ঢালি বেলায়েত হোসেন জানান, হায়দার হোসেন ও নূর আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।