আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্যাহ ও বর্তমান স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর দ্বন্দ্বের কারণে ফরিদপুরের ভাঙ্গায় সরকারিভাবে গম কেনা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
দুই নেতাই তাঁদের মনোনীত কৃষকদের মাধ্যমে গম দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ২১ এপ্রিল থেকে সরকারিভাবে গম কেনার জন্য যাবতীয় আয়োজন সম্পন্ন হলেও উপজেলার কুমার নদের পাড়ে অবস্থিত খাদ্যগুদামে গমের একটি দানাও জমা পড়েনি।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় ১ হাজার ৫৬২ টন মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একসঙ্গে সারা দেশে গত ২১ এপ্রিল থেকে এই গম কেনার কার্যক্রম শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা।
এলাকার কৃষক, খাদ্য ও গুদাম কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গম কেনার প্রক্রিয়া শুরু হওয়ার আগে কোন নেতার লোক কত পরিমাণ গম সরবরাহ করবেন, তা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ব্যাপারে ১৪ দিনেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় গম কেনার কার্যক্রম শুরু করা যায়নি। এ অবস্থায় গমের মৌসুম শুরুর পর প্রকৃত কৃষকেরা কেউই সরকারিভাবে খাদ্য বিভাগের কাছে তাঁদের গম বিক্রি করতে পারেননি। এতে তাঁরা বাধ্য হয়ে ফড়িয়া মহাজন ও দালালদের কাছে গম বিক্রি করেন।
উপজেলার আলগী ইউনিয়নের কৃষক সাদেক আলী জানান, সরকারি গুদামে গম বিক্রি করতে পারলে ২৮ টাকা কেজি দর পাওয়া যেত। কিন্তু দুই নেতার রেষারেষির কারণে গম কেনা শুরু না হওয়ায় ২২টাকা কেজি দরে গম বিক্রি করতে হয়েছে।
কাজী জাফরউল্যার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুর রহমান বলেন, সাংসদ মজিবুর রহমানের সমর্থক উপজেলা চেয়ারম্যান ও ইউএনও নিজেরা তাঁদের লোকের মাধ্যমে সব গম দিতে চাচ্ছেন বলেই এই জটিলতার সৃষ্টি হয়েছে।
সাংসদ মজিবুর রহমানের সমর্থক ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বলেন, কাজী জাফরউল্যা তাঁর পক্ষের নেতা-কর্মীদের জন্য ৮৫০ টনের কোটা চাচ্ছেন। তাই গম কেনা শুরু করা যাচ্ছে না।
উপজেলা গুদাম রক্ষণ কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, গম দুই নেতার দলীয় কৃষকদের কাছ থেকে নেওয়া হবে। তবে সাংসদের কৃষক ও সাবেক সাংসদের কৃষক—কোন পক্ষ থেকে কত গম কেনা হবে সে সমোঝতা হলেই কেনা শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন বলেন, ‘অচিরেই শুরু করতে পারব বলে আশা করছি।’