ভাঙ্গার আদালত সরিয়ে নেওয়ার দাবি নাকচ করলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভাঙ্গার চৌকি আদালত সরিয়ে জেলা শহরে নিয়ে আসার দাবি নাকচ করে দিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সভায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি জানানো হয়। এ ছাড়া সমিতির সদস্যরাও বক্তব্য দিতে গিয়ে নতুন নতুন দাবি তুলে ধরেন। উত্থাপিত দাবিগুলোর মধ্যে একটি ছিল ভাঙ্গা চৌকি আদালতের বিলুপ্তি ঘটিয়ে ফরিদপুর শহরে নিয়ে আসা।
উল্লেখ্য, ১৮৮৯ সালে ভাঙ্গায় চৌকি আদালত স্থাপন করা হয়। শুরু থেকেই এ আদালতে জেলার নগরকান্দা, সালথা, সদরপুর ও ভাঙ্গার শুধু দেওয়ানি ও পারিবারিক মামলার বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এ আদালতের নামকরণ করা হয়েছে ‘ভাঙ্গা সিনিয়র সহকারী আদালত’। তিনজন হাকিম এখানে কর্মরত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ভাঙ্গার আদালত আমি ভাঙতে পারব না। আমি কারও পেটে লাথি দিতে পারব না। তাই এ দাবি আমার পক্ষে মানা সম্ভব নয়।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আসাদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার (এসপি) জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন, বিশেষ জজ এস এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ মুসরাত জেরীন, মুখ্য বিচারিক হাকিম শেখ নাজমুল আলম, প্রবীণ আইনজীবী শাহজাহান মিয়া, লিয়াকত হোসেন, সাইদুন্নবী, সুবল চন্দ্র সাহা, বিশ্বজিৎ গাঙ্গুলী, সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার জাহিদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।